ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে আইসিএবি নেতারা

অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে

অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির  ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৮:৫৩

| প্রিন্ট সংস্করণ

অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামীতে স্মার্ট শাসনব্যবস্থা, অর্থনৈতিক প্রতিযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভূমিকা রাখবে। এ পরিপ্রেক্ষিতে হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎও নির্ভর করছে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই প্রতিবেদনের কৌশলগত সমন্বয়ের ওপর।

গত বুধবার রাজধানীর কারওরান বাজারের সিএ ভবনে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০২৬ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও টেকসই প্রতিবেদনের সমন্বয়ের মাধ্যমে হিসাববিদ্যা পেশার ভবিষ্যৎ রূপান্তরের লক্ষ্য নিয়ে আগামীকাল শনিবার ঢাকার হোটেল লা মেরিডিয়েনে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন, সাফা আয়োজন কমিটির চেয়ারম্যান ও আইসিএবির সাবেক সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেন, আইসিএবির সহসভাপতি রোকোনুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ শীর্ষক সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ শতাধিক পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও শিক্ষাবিদ অংশ নেবেন এতে। 
আইসিএবি নেতারা বলেন, প্রযুক্তি কেবল উন্নয়নে সহায়তা করছে না, এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও দ্রুত পরিবর্তনশীল পেশাগত কাঠামোকে নতুন রূপ দিচ্ছে। তাই আগামী প্রজন্মের হিসাববিদদের অবশ্যই দ্বৈত দক্ষতায় পারদর্শী হতে হবে। একদিকে অ্যালগরিদমিক নৈতিকতা পরিচালনা, অন্যদিকে আর্থিক নয়–এমন প্রভাব যাচাইয়ের সক্ষমতা থাকতে হবে। যাতে অংশীজনদের আস্থা তৈরি হয় এবং টেকসই প্রবৃদ্ধির দিকে পুঁজিপ্রবাহ পরিচালিত হয়।
বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে নানা ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ডিজিটাল পেমেন্ট ও মোবাইল আর্থিক সেবা লাখ লাখ মানুষ ও ক্ষুদ্র ব্যবসাকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এনেছে, যা অভ্যন্তরীণ চাহিদা জোরদার করেছে। 

আরও পড়ুন

×