ইসলামী ব্যাংকের এমডি ১৫ দিনের ছুটি চেয়ে পেলেন ৪৯ দিন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ২১:৫০
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান ১৫ দিনের শ্রান্তি ও বিনোদন ছুটির জন্য আবেদন করার পর তাকে ৪৯ দিনের ছুটিতে যেতে বলেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেনকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ এমডির দীর্ঘ ছুটি নিয়ে ব্যাংকে রহস্য তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত বছরের ৩ আগস্ট ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান মো. ওমর ফারুক খান।
এদিকে, রোববার ইসলামী ব্যাংকের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানবন্ধনে বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড নিয়ে দাঁড়ান গ্রাহকরা।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত মাসে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিল নামের একজন পরিচালককে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তিনি ব্যাংকটির পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদে একমাত্র জামায়াতপন্থি হিসেবে পরিচিত ছিলেন। তাকে সরিয়ে এসএম আব্দুল হামিদকে পরিচালক করা হয়।
জানা গেছে, আগামী ২৮ এপ্রিল থেকে ১৫দিনের ছুটি চেয়ে আবেদন করেন ওমর ফারুক। রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদে বিষয়টি তোলা হয়। পর্ষদ আজ সোমবার থেকে তাকে আগামী ৩১মে পর্যন্ত ছুটিতে যাওয়ার পরামর্শ দেয়। একই সাথে আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়ার প্রস্তাব করলে তা মঞ্জুর হয়।
এ বিষয়ে বক্তব্যের জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে কয়েক দফা টেলিফোন করে কোনো সাড়া মেলেনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এক সময় ব্যাংকটি জামায়াতপন্থি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হতো। তবে ২০১৭ সালে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এস আলম ব্যাংকটির কর্তৃত্ব নেয়।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
- ছুটি
- ব্যবস্থাপনা পরিচালক
