ধানে ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক কীটনিয়ন্ত্রণ ব্যবস্থা উদ্ভাবন বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ২২:৫৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৯:১৪
সংরক্ষিত ধানে ফসল কাটার পর ক্ষতি হ্রাসে উদ্ভাবনী “স্মার্ট আল্ট্রাসনিক কীটনিয়ন্ত্রণ ব্যবস্থা” উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ এপ্রিল (রোববার) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডা. আবদুল আউয়াল।
প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খান এবং আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে এ সি আই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, বিশ্বব্যাংক সাউথ এশিয়া রিজিওনের ডিজিটাল স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।
সেখানে বলা হয়, বাংলাদেশে ধান সংরক্ষণে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের কারণে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ শস্য নষ্ট হয়, যা খাদ্য নিরাপত্তা, কৃষকের আয় এবং পুষ্টিমানকে ক্ষতিগ্রস্ত করে। দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ু এই সমস্যাকে আরও তীব্র করে তোলে। গবেষণা অনুযায়ী, সংরক্ষিত ধানে প্রায় ৫–১০% ক্ষতি ঘটে।
প্রস্তাবিত স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি রাসায়নিক কীটনাশক ছাড়াই পোকামাকড় নিয়ন্ত্রণে সক্ষম। এটি শস্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ক্ষতি কমাতে সহায়তা করবে। প্রযুক্তিটি ব্যয়-সাশ্রয়ী হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পটি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জীবিকা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই প্রকল্পে এ সি আই মটরস ট্রায়ালিং পার্টনার হিসেবে কাজ করেছে। এই প্রযুক্তির ভবিষ্যত সম্ভাবনা অত্যন্ত সুদূরপ্রসারী হবে বলে আশা করা যায়।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কর্মশালা
