ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সেমিনারে বক্তারা

প্যাকেজিং আইটেম রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে

প্যাকেজিং আইটেম রপ্তানি বাড়ানোর  সুযোগ রয়েছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৭:৪৬ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

চলতি বছর সরকার পেপার ও প্যাকেজিংকে ‘বর্ষ পণ্য’ ঘোষণা দিয়েছে। বর্তমানে ফ্লেক্সিবল প্যাকেজিং, পেট বোতল, পিপি ওভেন ব্যাগ, এফআইবিসি ব্যাগ, এ্যালু বটম ফয়েলসহ বিভিন্ন ধরনের উন্নতমানের প্যাকেজিং আইটেম তৈরি হচ্ছে। এই খাতে রপ্তানি বাড়ানোর বেশ সুযোগ রয়েছে।  

গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের রপ্তানির নতুন ক্ষেত্র টেকসই প্যাকেজিং শিল্প’ শিরোনামের এক সেমিনারে বক্তারা এই সম্ভাবনার কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়, প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (পিপিবিপিসি) এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) যৌথভাবে এর আয়োজন করে। 

বিপিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. খালেদ মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ স্বাগত বক্তব্য দেন।   

প্রধান অতিথি বলেন, প্যাকেজিং যেন নিরাপদ হয় এবং পরিবেশবান্ধব হয়, তা নিশ্চিত করতে হবে। প্যাকেজিং শিল্প বিকাশে শিল্প মন্ত্রণালয় থেকে নীতি সহায়তা দেওয়া হবে। শিল্পনীতিতে সুপারিশগুলো অন্তর্ভুক্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে। 

বিপিজিএমইএ সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এ বছর পেপার ও প্যাকেজিং পণ্য ‘প্রডাক্ট অব দি ইয়ার’ ঘোষণা করেছে। প্যাকেজিং পণ্য বিশ্বমানের এবং ইতোমধ্যে বিশ্ববাজারে রপ্তানি করছে। এখন উদ্যোক্তাদের দায়িত্ব টেকসই পণ্য উৎপাদন করা। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি প্লাস্টিকের প্রচ্ছন্ন রপ্তানির হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশের আহ্বান জানান। 
মূল প্রবন্ধে বলা হয়, টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপের মাধ্যমে প্লাস্টিক ও প্যাকেজিং খাতের এই শিল্প বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে, রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারবে। সহযোগিতা, উদ্ভাবন এবং নীতিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে পরিবেশবান্ধব প্যাকেজিং সমাধানের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

আরও পড়ুন

×