ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন দায়িত্ব

আমানতকারীদের টাকা তোলার চাপ কমেছে

আমানতকারীদের টাকা তোলার চাপ কমেছে
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিলের পর গ্রাহকদের টাকা উত্তোলনের চাপ কমেছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন। একই সঙ্গে লেনদেন স্বাভাবিক করতে গত দুই দিনে বিশেষ ধার হিসেবে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে, আতঙ্কের কারণে যারা মেয়াদ পূর্তির আগেই মেয়াদি আমানত ভাঙিয়েছেন তারা আগামী সাত দিনের মধ্যে আবেদন করলে সব সুবিধাসহ সচল হিসেবে গণ্য করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। আজ মঙ্গলবার থেকে ইন্টারনেট ব্যাংকিং, এটিএমসহ সব ধরনের লেনদেন স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। 
এদিকে ইসলামী ব্যাংকের এক ঘোষণায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে যারা ১ থেকে ১৫ জুনের মধ্যে মেয়াদি আমানত আগাম নগদায়ন করেছেন আগামী ৭ কর্মদিবসের মধ্যে পুনরায় সচল করার আবেদন করতে পারবেন। এ সময়ে আবেদন করলে চলমান হিসেবে সব সুবিধা দিয়ে পুনরায় সচলের সুবিধা দেওয়া হবে। সাধারণভাবে মেয়াদ পূর্তির আগে কেউ আমানত ভাঙালে সঞ্চয়ী হিসাবে নির্ধারিত মুনাফা পেয়ে থাকেন।

ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে সন্ধ্যার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গত ১ জুন থেকে আন্দোলন করে আসছে একটি পক্ষ। আতঙ্কে প্রচুর টাকা উত্তোলনের কারণে তারল্য সংকটে পড়ে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চায়।
রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে অন্তর্বর্তী সময়ের জন্য পর্ষদের দায়িত্ব দেওয়া হয়। গতকাল তিনি ব্যাংকে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে।
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে দুই দিনে তারল্য সহায়তা হিসেবে অর্থের পুরোটা এখনও ব্যবহার করতে হয়নি। আতঙ্কে টাকা তোলার যে প্রবণতা ছিল তা কমেছে। ইতোমধ্যে যারা তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন। গত কয়েকদিনের তুলনায় সোমবার মেয়াদি আমানত বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে গেছে, যা গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত বহন করে।

এবিবির বিবৃতি
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক ঘিরে উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক মাত্রা পাওয়ায় এবং ব্যাংকটির পদ্ধতিগত গুরুত্ব বিবেচনায় এবিবি গত ১০ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। এই ব্যাংকের পরিস্থিতি শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে শুরু করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, প্রায় তিন কোটি গ্রাহক, বিপুল আমানত ও বিনিয়োগ, দেশের বৃহত্তম রেমিট্যান্স নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব বিষয় নয়। এটি সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পুরো খাতের ভালোর জন্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং পরিবেশ নিশ্চিত এবং খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি প্রত্যাশা করে এবিবি। ব্যাংক খাতে মব একটি অশনিসংকেত। ফলে সরকারের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।

সচেতন গ্রাহক ফোরামের সংবাদ সম্মেলন
যাদের আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে আজকের এ পরিস্থিতি তৈরি হয়েছে সেই সচেতন গ্রাহক ফোরাম গতকাল সংবাদ সম্মেলন করে বলেছে, বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নেওয়া হয়, তাদের মালিকানা ফেরত দিতে হবে। সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করতে হবে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক একথা বলেন। 

আরও পড়ুন

×