ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

ইসলামী ব্যাংকে টাকা ওঠানোর চেয়ে নগদ জমা বেশি

ইসলামী ব্যাংকে টাকা ওঠানোর  চেয়ে নগদ জমা বেশি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংক থেকে আতঙ্কের কারণে টাকা তুলে নেওয়া গ্রাহকের অনেকে আবার ফিরতে শুরু করেছেন। মেয়াদি আমানত সচলের বিশেষ সুযোগের প্রথম দিন গতকাল মঙ্গলবার বন্ধ হওয়া ৫০২টি হিসাবের বিপরীতে ৪৫ কোটি টাকা আবার জমা হয়েছে। সব মিলিয়ে এ দিন নগদ উত্তোলনের চেয়ে জমা বেশি হয়েছে ১৬০ কোটি টাকা। এছাড়া সীমিত আকারে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও অনলাইন ব্যাংকিং সচল হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারক‌লি‌পি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে খুরশীদ আলমকে অপসারণ করায় গভর্নরকে ধন্যবাদ জানান তারা। সৎ, যোগ্য, পেশাদার এবং গ্রাহকদের আস্থাভাজন ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি তাদের।
জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে গতকাল এক হাজার ৫২০ কোটি টাকা নগদ জমার বিপরীতে উত্তোলন হয়েছে এক হাজার ৩৬০ কোটি টাকা। অবশ্য আগের কয়েকদিন জমে থাকা অনলাইনে বিভিন্ন স্থানান্তরের পর গতকালের উত্তোলন বেশি ছিল ৪৩৬ কোটি টাকা। আগের দিন নগদ এক হাজার ১৪৪ কোটি টাকা জমা হয়। এর আগে গত রবি ও বৃহস্পতিবার যেখানে জমার তুলনায় উত্তোলন বেশি ছিল এক হাজার কোটি টাকার বেশি। আর আন্দোলন শুরুর পর ১ জুন থেকে গত রোববার পর্যন্ত জমার তুলনায় উত্তোলন বেশি হয় ৮ হাজার কোটি টাকার বেশি।
ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, উত্তোলনের চাপ কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর ধার চাওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক সোমবার যে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছিল তা ব্যবহারের দরকার পড়েনি। দ্রুত পরিস্থিতির উন্নতি হলে চলতি হিসাব পরিস্থিতির উন্নতি হয়ে আবার বিধিবদ্ধ জমা সংরক্ষণ সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ধারের টাকা দ্রুত ফেরত দিতে সক্ষম হব।

আরও পড়ুন

×