ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে নতুন বিনিয়োগ

প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে নতুন বিনিয়োগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বিনিয়োগ আকর্ষণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক কর্মশালায় এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ও বাংলাদেশ  অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফ্লোস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বড় চীনা কোম্পানির বৈঠকের কথা রয়েছে। সেখানে বাংলাদেশের নতুন বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরা হবে। শুধু বিনিয়োগই নয়, সফরে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় আসবে।

কর্মশালায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই সফরের মূল এজেন্ডা হলো চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করা। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর এবার ভূমি উন্নয়ন ও নির্মাণকাজ শুরুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া চট্টগ্রাম এবং মোংলা অঞ্চলে চীনা বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। নতুন সরকারের প্রথম দুই বছরকে বিনিয়োগের উপযুক্ত সময় উল্লেখ করে অবকাঠামো ও রপ্তানিমুখী শিল্পে চীনা বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ।

অর্থনৈতিক অঞ্চল (ইজেড) প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, সরকার বর্তমানে ২০৩০ সালকে লক্ষ্য রেখে ১০টি অগ্রাধিকারভিত্তিক ইজেড সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। আপাতত নতুন কোনো গ্রিনফিল্ড অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা নেই। তবে পুরোনো রাষ্ট্রায়ত্ত পাটকলের মতো বন্ধ শিল্প কারখানার জমিকে বহুমুখী শিল্পাঞ্চলে রূপান্তরের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সেমিনারে তিনি বর্তমান জ্বালানি সংকটকে বিনিয়োগের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, সরকার এটি সমাধানে কাজ করছে। জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। সরকার আগামী ২০২৭-২৮ সালের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রকল্পে কাজ করছে।
কর্মশালায় বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি মূল প্রবন্ধে জানান, বিডা চলতি বছরে নতুন করে দেড় বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আরও পড়ুন

×