নেইমারকে নিউ জার্সিতে রেখেই ফিলাডেলফিয়া গেল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৩:২৪
হাইতির বিপক্ষে ম্যাচের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। তবে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমারকে ছাড়াই ফিলাডেলফিয়া পাড়ি জমিয়েছে ব্রাজিল দল।
ব্রাজিল দলের মেডিকেল টিমের সিদ্ধান্ত মোতাবেক, ভ্রমণক্লান্তি এড়াতে নেইমারকে নিউ জার্সির বেস ক্যাম্পেই রেখে দেওয়া হয়েছে। সেখানে তিনি নিজের ফিজিক্যাল রিকভারির কাজ চালিয়ে যাবেন, যাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারেন। অবশ্য নিউ জার্সির শেষ সেশনে নেইমার সতীর্থদের সাথে হালকা ট্যাকটিক্যাল অনুশীলনে অংশ নিয়েছিলেন।
নেইমারকে না পেলেও হাইতি ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দিয়েছে একঝাঁক সুখবর। চোট ও ব্যথা কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক অনুশীলনে ফিরেছেন ক্যাসেমিরো এবং ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগাহায়েস। অন্যদিকে, পায়ের চোটে ভুগতে থাকা বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনহাও বুট পায়ে পুরোদমে বল প্র্যাকটিস করেছেন। ফলে ২৬ সদস্যের স্কোয়াডের বাকি সবাইকে ফিট পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি।
- বিষয় :
- নেইমার
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
