ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাচ্ছেন নয়্যার

বিশ্বকাপ শেষে আবারও অবসরে যাচ্ছেন নয়্যার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৩:০৪

ইউরো ২০২৪ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন। তবে ২০২৬ বিশ্বমঞ্চে জার্মানির গোলপোস্ট সামলাতে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন ম্যানুয়েল নয়্যার। কিন্তু এই দ্বিতীয় অধ্যায়টা যে খুব বেশি দীর্ঘ হচ্ছে না। চলমান বিশ্বকাপ শেষেই আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই জার্মান কিংবদন্তি। এক সংবাদ সম্মেলনে নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে নয়্যার স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপই জার্মানির হয়ে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এর পরে সামনে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার বিন্দুমাত্র পরিকল্পনা নেই তার।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের এই অতন্দ্র প্রহরী এবার খেলছেন নিজের ক্যারিয়ারের টানা পঞ্চম বিশ্বকাপ। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো ২০২৪-এর পর বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নয়্যার। তবে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণে কোচ জুলিয়ান নাগেলসমানের অনুরোধে তিনি অবসর ভেঙে দলে ফেরেন।

জাতীয় দলে ফেরা ও অবসর প্রসঙ্গে নয়্যার বলেন, ‘ইউরো ২০২৪ এর পর অবসরের সিদ্ধান্তটি আমার জন্য একদম সঠিক ছিল। কারণ, ক্লাব ফুটবলের বাইরে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলাটা এই বয়সে অনেক বড় চাপ সৃষ্টি করে। তবে বিশ্বকাপের এই বিশেষ অধ্যায়টি আমি এখন দারুণ উপভোগ করছি।’

জার্মানি যদি এবার শিরোপা জেতে, তাহলে দুইবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবেন নয়্যার। তবে তার মতে, সবচেয়ে বড় বিষয় হলো বয়সের শেষ পর্যায়ে এসে আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া।

আরও পড়ুন

×