ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ঘোষণা
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ গঠন না করলে কঠোর কর্মসূচি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ে পূর্ণাঙ্গ পর্ষদ না হলে বুধবার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশীদ আলমকে গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এই নিয়োগকে কেন্দ্র করে গত ১ জুন থেকে গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে। এ নিয়ে ব্যাংকটি থেকে টাকা উত্তোলনসহ নানা সংকটের মধ্যে গত ১৪ জুন ব্যাংকটির চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা দেওয়া হয়। এরপর টাকা উত্তোলনের চাপ কমলেও আন্দোলন চলছে।
গতকাল সাত দফা দাবি তুলে ধরে নুর নবী মানিক বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ২৪ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পর্ষদ গঠন করতে হবে। ২০১৭ সালে গায়ের জোরে যেসব শেয়ারহোল্ডার থেকে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এস আলমসহ ব্যাংক লুটেরাদের দ্রুত বিচার, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনতে বিতর্কিত সিদ্ধান্ত না নেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, দেশের অন্যতম বড় ব্যাংকের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন দরকার। যাদের নিয়ে বিতর্ক নেই এরকম ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলছে।
এদিকে, চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতসহ ১০ দফা দাবিতে গতকাল চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচটি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, আল-আরাফাহ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখান থেকে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়ে তারা বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
- বিষয় :
- ইসলামী ব্যাংক
