ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা

বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৬:১০

দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা। একই সঙ্গে সকল ব্যাংক ও অন্যান্য মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুবিধাও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে দেশজুড়ে প্রায় ১০ লাখ মার্চেন্ট পয়েন্টে নগদ ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নগদ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বাংলা কিউআর এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবা। এ উপলক্ষে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে নগদ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, প্রশাসক দলের সদস্য এবং প্রতিষ্ঠানটির চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নগদ জানিয়েছে, এখন থেকে গ্রাহকেরা দেশের যেকোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট বা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর ফলে ভিন্ন ভিন্ন ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের জন্য আলাদা কিউআর কোড ব্যবহারের প্রয়োজন হবে না।

বাংলা কিউআর চালুর ফলে ব্যবসায়ীরাও সুবিধা পাবেন। একাধিক কিউআর কোড ব্যবহারের পরিবর্তে একটি সমন্বিত কিউআর কোডের মাধ্যমেই বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে। এতে লেনদেন আরও সহজ হবে এবং ডিজিটাল পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে।

একই সঙ্গে নগদে যুক্ত হওয়া এনপিএসবি সেবার মাধ্যমে গ্রাহকেরা দেশের যেকোনো ব্যাংক হিসাব বা এমএফএস অ্যাকাউন্ট থেকে নগদ ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি নগদ থেকে ব্যাংক ও অন্যান্য এমএফএস অ্যাকাউন্টেও তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানো যাবে। ফলে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগভিত্তিক লেনদেন আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একক কিউআরভিত্তিক এই ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত করবে এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “এনপিএসবি যুক্ত হওয়ার ফলে দেশের ব্যাংকিং খাতের সঙ্গে নগদের তাৎক্ষণিক সংযোগ তৈরি হয়েছে। এখন গ্রাহকেরা যেকোনো সময় ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে নগদে এবং নগদ থেকে ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন। এতে দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।”

নগদের দাবি, বাংলা কিউআর ও এনপিএসবি সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের প্রসার আরও বাড়বে এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×