প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান
বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় ভিওন
১০০ কোটি ডলারের এফডিআই আকর্ষণে সহায়তা করবে ভিওন গ্রুপ
গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা, পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানিয়েছেন ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা।
বাংলালিংকের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অগি কে ফাবেলা বলেন, ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার। ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ উদ্যোগের মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া কর্মসূচিতে প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করতে প্রস্তুত ভিওন।’ তিনি আরও বলেন ‘নিজেদের বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদেরও বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা সক্রিয়ভাবে কাজ করব।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
বৈঠকে নিজেদের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখা তুলে ধরে নাসডাক-তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে এটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১০০ কোটি মার্কিন ডলারের এফডিআই আকর্ষণে সহায়তার অঙ্গীকার করেছে ভিওন। এ ক্ষেত্রে প্রধান বিনিয়োগকারী হিসেবে শুরুতেই ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুত দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তি। নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগাবে ভিওন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োহান বুসে বলেন, ‘ধারাবাহিক বিনিয়োগ, উদ্ভাবন ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে কার্যকর ডিজিটাল ও আর্থিক সেবা পৌঁছে দিতে চাই।’
- বিষয় :
- প্রধানমন্ত্রী
