ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৯:০২ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ০৯:৩৭

শেষ মুহূর্তের নাটকীয় গোলে নেদারল্যান্ডসকে নির্ধারিত সময়ের মধ্যে জয় পেতে দিল না মরক্কো। ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ লড়াইয়ে মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছে। ফলে ম্যাচটি গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

গ্রুপ পর্বে ১০ গোল করা নেদারল্যান্ডসের শক্তিশালী আক্রমণভাগকে শুরু থেকেই আটকে রাখে মরক্কোর 'অ্যাটলাস লায়ন্স'রা। তবে ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। ম্যাচ যখন তাদের হাতের মুঠোয়, ঠিক তখনই ৯০ মিনিটে ডিফেন্ডার ইসা দিওপের নাটকীয় হেডে সমতায় ফেরে মরক্কো।

ম্যাচের শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। প্রথমার্ধে আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণে ব্যস্ত সময় কাটাতে হয় ডাচ রক্ষণভাগকে। ২১ মিনিটে হাকিমির দূরপাল্লার জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির ফ্রি-কিক থেকে ইসমাইল সাইবারি বলের সংযোগ করতে না পারায় নিশ্চিত একটি গোলের সুযোগ হাতছাড়া হয় আফ্রিকান দলটির। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৮ মিনিটে রায়ান গ্রাভেনবার্খের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। গোলের দেখা না পেয়ে ৭১ মিনিটে একসঙ্গে দুই পরিবর্তন আনেন ডাচ কোচ। ব্রায়ান ব্রবি ও নাথান আকেকে তুলে মাঠে নামানো হয় ওউত ভেগহর্স্ট ও তিউন কুপমাইনার্সকে।

কোচের সেই সিদ্ধান্তই মুহূর্তেই ফল এনে দেয়। ৭২ মিনিটে ভেগহর্স্টের হেড থেকে বল পেয়ে ক্রিসেনসিও সামারভিল ডিফেন্ডারদের চাপে পড়েও ফাঁকায় থাকা কোডি গাকপোর কাছে বল বাড়িয়ে দেন। সহজেই জাল খুঁজে নিয়ে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন লিভারপুল ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ার পর আরও মরিয়া হয়ে ওঠে মরক্কো। একের পর এক আক্রমণে ডাচদের রক্ষণভাগকে চাপে রাখে তারা। অবশেষে ম্যাচের ৯০ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে ভেসে আসা বলে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার ইসা দিওপ। মরক্কোর জার্সিতে এটি তার প্রথম আন্তর্জাতিক গোল। সেই গোলেই নতুন করে প্রাণ ফিরে পায় আফ্রিকান দলটি। শেষ মুহূর্তের সমতাসূচক গোলে উল্লাসে ফেটে পড়ে মরক্কো শিবির। 

নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকেয়ত ম্যাচটি এখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে। সেখানেও ফল না এলে শেষ ষোলোর নিষ্পত্তি হবে পেনাল্টি টাইব্রেকারে।

আরও পড়ুন

×