শেয়ারবাজার
গণঅভ্যুত্থান-পরবর্তী দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:১৬
ঢাকার শেয়ারবাজারে লেনদেন আরও বেড়েছে। গতকাল রোববার ঢাকার বাজারে কেনাবেচা হয়েছে এক হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার। এ লেনদেন গত বৃহস্পতিবারের তুলনায় ২৪১ কোটি টাকা বেশি এবং গণঅভ্যুত্থান পরবর্তী দ্বিতীয় সর্বোচ্চ। এর তুলনায় বেশি কেনাবেচা হয়েছিল ২০২৪ সালের ১১ আগস্ট। ওইদিন কেনাবেচা হয়েছিল দুই হাজার ১০ কোটি টাকা মূল্যের শেয়ার।
শেয়ারবাজার-সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পর বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় শেয়ারদর বাড়ছে, যা নতুনদের পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারী পুনরায় সক্রিয় করছে। এ নিয়ে সর্বশেষ ২৮ কর্মদিবসের মধ্যে ২৫ দিনই হাজার কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। ২০২২ সালের নভেম্বরের পর এত দীর্ঘ সময়জুড়ে এমন লেনদেন ধারা দেখা যায়নি।
লেনদেন উল্লেখযোগ্য হারে বাড়লেও শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রে ছিল মিশ্রধারা। ১৬৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির বিপরীতে ১৫৩টির দর কমেছে, অপরিবর্তিত ছিল ৩৬টির দর। এদিন বীমা, সিমেন্ট এবং টেলিযোগাযোগ খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বিপরীত চিত্র ছিল বস্ত্র, তথ্যপ্রযুক্তি এবং বিবিধ খাতে। ব্যাংক খাতের বেশির ভাগ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৫৮৪৯ পয়েন্টে উঠেছে। বস্ত্র ছাড়া অন্য সব বড় খাতে লেনদেন বেড়েছে। সর্বাধিক ১০০ কোটি টাকার বেশি লেনদেন বেড়েছে বীমা খাতে। এ খাতের ৫৮ কোম্পানির ৩৭৪ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের সাড়ে ২২ শতাংশ। প্রায় ৮৬ কোটি টাকা বেড়ে খাদ্য খাতের লেনদেন ১৩১ কোটি ৫৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। গত বৃহস্পতিবার এ খাতের লেনদেন ছিল সাড়ে ৪৫ কোটি টাকা।
তালিকাভুক্ত ৩৫৫ কোম্পানির শেয়ারের মধ্যে পাবলিক মার্কেটে ১৪২টির লেনদেন বেড়েছে। এর মধ্যে আগের দিনের তুলনায় এক কোটি থেকে সাড়ে ৫৯ কোটি টাকা কেনাবেচা বেড়েছে ১০৭ কোম্পানির। তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিমের লেনদেন সর্বাধিক সাড়ে ৫৯ কোটি টাকা বেড়ে ৬৯ কোটি ৭৪ লাখ টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া ডিএসইর ব্লক মার্কেটে আরও দুই কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর প্রভাবও ছিল শেয়ারদরে। আগের দিনের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেড়ে এ কোম্পানির শেয়ারদর ৭৬ টাকা ৪০ পয়সায় উঠেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের লেনদেন ১২ কোটি টাকা বেড়ে প্রায় ৪৫ কোটি টাকায়, সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন পৌনে ১১ কোটি টাকা বেড়ে ২২ কোটি টাকায়, সোনালি আঁশের লেনদেন সাড়ে ১০ কোটি টাকা বেড়ে পৌনে ১৫ কোটি টাকায় এবং প্রাইম ইন্স্যুরেন্সের লেনদেন ৯ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে ১১ কোটি ৩১ লাখ টাকায় উন্নীত হয়েছে। বিপরীতে ১৩১টির লেনদেন কমেছে। সর্বাধিক ১০ থেকে পৌনে ১৪ কোটি টাকার লেনদেন কমেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সোনালি পেপার, ইস্টার্ন হাউজিং এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামক কোম্পানির।
- বিষয় :
- শেয়ারবাজার