আইপিও বিধিমালা যুগোপযোগী করার পরামর্শ অংশীজনের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
মাত্র ছয় মাস আগে সংশোধিত আইপিও বিধিমালা বাজার চাহিদা পূরণে সক্ষম নয়–এমন ধারণা পেয়ে পুনর্গঠিত শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফের এ বিধিমালা সংশোধনে উদ্যোগ নিয়েছে। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সংশোধন খসড়া চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এ লক্ষ্যে গতকাল বুধবার সংশ্লিষ্ট সকল অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএসইসির কর্মকর্তারা। বৈঠকে নিরীক্ষকদের নিয়ন্ত্রক সংস্থা এফআরসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আইসিএবি, ব্রোকার সংগঠন ডিবিএ, মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বিএমবিএ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির প্রতিনিধিরা অংশ নেন।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম সমকালকে বলেন, বর্তমান আইপিও বিধিমালা নিয়ে বাজারে নতুন কোম্পানি আনা প্রায় অসম্ভব। এটি সহজ ও যুগোপযোগী করার কথা সবাই বলেছেন। এছাড়া আগের মতো ভুয়া সম্পদ দেখিয়ে যাতে কোনো কোম্পানি তালিকাভুক্ত না হতে পারে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কীভাবে করা যায়, তা নিয়েও কথা হয়েছে।
নতুন বিধিমালার জন্য জনগুরুত্বপূর্ণ হিসেবে ঘোষিত কোম্পানিকে ব্যাংক-বীমা কোম্পানির মতো নির্দিষ্ট সময়ে মধ্যে শেয়ারবাজারে আসার বাধ্যবাধকতা আরোপ এবং ব্যাংক ঋণ নিয়ে কারখানা প্রতিষ্ঠা করা কোম্পানিকে ঋণ পরিশোধে আইপিও প্রক্রিয়ায় মূলধন সংগ্রহের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। কোনো কোম্পানির নতুন করে মূলধনের প্রয়োজন না হলে মালিকদের নিজেদের শেয়ার সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়ায় বিক্রি করারও সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
- বিষয় :
- শেয়ারবাজার