সহজ হলো বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের ঋণ গ্রহণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:৪৬
বাংলাদেশে শতভাগ বিদেশি মালিকানার শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য তাদের মূল কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান এবং অংশীদারদের কাছ থেকে ঋণ গ্রহণ সহজ করল বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে অনেক ক্ষেত্রে এ ধরনের ঋণের জন্য আলাদাভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হতো। এখন বিশেষায়িত অঞ্চলের ভেতরে ও বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তঃকোম্পানি ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির দরকার হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়, এক বছরের কম সময়ের জন্য সাধারণ চলতি মূলধনের জন্য বিনা সুদে এসব প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে; যার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন নেই। তবে ঋণ গ্রহণের খরচ বার্ষিক ৩ শতাংশের বেশি হবে না। এক থেকে ৫ বছর মেয়াদি এবং ৫ বছরের বেশি মেয়াদি ঋণের অর্থ অবশ্যই মূলধনি যন্ত্রপাতি ক্রয়, নির্মাণকাজ বা আনুষঙ্গিক সেবার মতো মূলধনি ব্যয়ের জন্য ব্যবহার করতে হবে। ১ থেকে ৫ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে বিনা সুদে ৫ কোটি ডলার এবং সুদে ৫০ লাখ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ৫ বছরের বেশি মেয়াদি ঋণের এককালীন মূল্য পরিশোধ করা যাবে না।
সুদে ঋণের ক্ষেত্রে ঋণ-ইকুইটি অনুপাত সর্বোচ্চ ৮০:২০ হতে হবে। তবে বিনা সুদে ঋণের জন্য এমন কোনো সীমা নেই। ঋণের অর্থ অনুমোদিত ডিলার ব্যাংকে থাকা বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে। লেনদেন সম্পন্ন হওয়ার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর রিপোর্ট দিতে হবে।
- বিষয় :
- ঋণ