ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্যাংকিং সেবা

নতুন ফি আরোপ না করার আহ্বান চট্টগ্রাম চেম্বারের

নতুন ফি আরোপ  না করার আহ্বান চট্টগ্রাম চেম্বারের
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

ব্যাংকিং সেবার ওপর নতুন করে ফি আরোপ এবং বিদ্যমান বিভিন্ন চার্জ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান তিনি। 

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ব্যাংকিং সেবার ১৪টি খাতে নতুন ফি আরোপ এবং বিদ্যমান বিভিন্ন চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে–সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে এ চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার।

চিঠিতে চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক উল্লেখ করেন, এ জাতীয় প্রস্তাবনার দ্বারা অপ্রয়োজনীয় খরচকে বাধ্যতামূলক করে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ওপর চাপিয়ে কেবল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর একতরফা মুনাফা বাড়ানো সম্ভব হলেও এতে কস্ট অব ডুয়িং বিজনেস আরও বাড়বে বলে মনে করে ব্যবসায়ী সমাজ। 
চিঠিতে বলা হয়, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা ও কস্ট অব ডুয়িং বিজনেস কমাতে বিশেষ প্রণোদনা, একক গ্রাহক ও বৃহৎ ঋণ এক্সপোজার-সংক্রান্ত নীতিমালায় শিথিলতা এবং স্প্রেডের সর্বোচ্চ সীমা নির্ধারণ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ব্যবসায়ী সমাজের কাছে ইতোমধ্যে অত্যন্ত সমাদৃত হয়েছে। সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী যখন দেশে বেসরকারি খাতে বিনিয়োগ ও জাতীয় অর্থনীতি নতুন করে গতিশীলতা অর্জন করতে যাচ্ছে, তখন এ জাতীয় নতুন ফি আরোপ ও চার্জ বাড়ানোর প্রস্তাবনা এই অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। 
চিঠিতে বলা হয়, প্রতি মাসে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে চতুর্থ থেকে দশম বার পর্যন্ত ১০০ টাকা এবং ১০ বারের বেশি হলে ৩০০ টাকা করে চার্জ আরোপ, বিনা চার্জের সঞ্চয়ী গড় স্থিতির সীমা কমিয়ে ৫ হাজার টাকা, ২৫ হাজার টাকার বেশি স্থিতিতে ৩০০ টাকা ফি কাটার প্রস্তাব কার্যকর করা ঠিক হবে না। 

আরও পড়ুন

×