সংস্কৃতি
নৃত্য ও সংগীতে শিল্পকলায় ‘বর্ষায় নজরুল’
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল বুধবার বর্ষায় নজরুল শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:৪৮
| প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুর, কবিতা আর অনিঃশেষ ভাবনাকে নতুন প্রজন্মের কাছে শিল্পের নানা ভাষায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে শ্রাবণের গাঢ় সন্ধ্যায় আয়োজিত হলো ‘বর্ষায় নজরুল’। গতকাল বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক মঞ্চে মিলিত হয়েছিল কবিতার শব্দ, সুরের মাধুর্য আর নৃত্যের ছন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘নজরুলের সৃষ্টিতে বর্ষা কেবল একটি ঋতু নয়, বরং বাংলাদেশের প্রকৃতি, মানুষের অনুভূতি এবং জীবনদর্শনের এক গভীর প্রতিচ্ছবি।’ তিনি স্মরণ করিয়ে দেন কবির বিখ্যাত পঙ্ক্তি, ‘নমঃ নমঃ নমো বাঙলা দেশ মম, চির-মনোরম চির-মধুর; এতে ছয় ঋতুর যে শিল্পিত বর্ণনা উঠে এসেছে, তা যেন বাংলাদেশেরই এক জীবন্ত মানচিত্র।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সন্ধ্যার সূচনা হয় ‘রিম্ ঝিম্ রিম্ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে’ গানের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর সমবেত নৃত্যে। এর পর একাডেমির কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন ‘দাও শৌর্য দাও ধৈর্য’ এবং ‘মেঘের ডমরু ঘন বাজে’। একক সংগীত পরিবেশন করেন মুন্নি কাদের, সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রী, মাহবুবা আখন্দ, শহীদ কবির পলাশ ও মৌসুমী ইকবাল।
অনুষ্ঠানের বিশেষ পর্বে একঝাঁক প্রখ্যাত শিল্পী পরিবেশন করেন নজরুলের বর্ষানির্ভর গান। এতে অংশ নেন ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, খায়রুল আনাম শাকিল, প্রিয়াঙ্কা গোপ, ইয়াকুব আলী খান, শহীদ কবির পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রী, তানভীর আলম সজীব, রাজিয়া সুলতানা মিশি, মেহফুজ আল ফাহাদ, ছন্দা চক্রবর্তী ও মাহমুদুল হাসান।
এস আর ওয়াসেকের নির্দেশনায় নন্দন কলাকেন্দ্র এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস সমবেত নৃত্য পরিবেশন করে। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের সমাপ্তিতে ‘গরজে গম্ভীর গগনে কম্বু’ গানে আনিসুল ইসলাম হীরোর নির্দেশনায় সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার।
- বিষয় :
- সংস্কৃতিচর্চা