সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ৫ শতাংশ কর ছাড়
অনলাইনে জমা নেওয়া শুরু করেছে এনবিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ প্রণোদনা পাবেন করদাতারা। সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর ছাড় পাওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে এনবিআর বুধবার থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন জমা দেন। এই সাড়া প্রমাণ করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বাড়ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।
এনবিআর স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন-সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের অনলাইন সিস্টেমে (www.etaxnbr.gov.bd) করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুত করে জমা দিয়ে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা প্রাপ্ত হবেন। ওই সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না; বরং ডিসেম্বর-পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে।
- বিষয় :
- আয়কর