ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বন্ডে আন্তর্জাতিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার

করণীয় নির্ধারণে কমিটি গঠন

বন্ডে আন্তর্জাতিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:২১ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

দেশের বন্ড বাজারকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুঁজিবাজার উন্নয়ন ও বন্ড ইস্যু-সংক্রান্ত নীতি, কৌশল এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সম্প্রতি জারি করা অর্থ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর শাহরিয়ার গনি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে অর্থ বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। সরকারি ঋণনীতি ও কৌশলগত ব্যবস্থাপনা অধিশাখার একজন যুগ্ম সচিব বা উপসচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়, কমিটি দেশের পুঁজিবাজারের সম্প্রসারণ ও গভীরতা বাড়ানোর লক্ষ্যে বন্ড ও ইকুইটি বাজারের জন্য প্রয়োজনীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে সরকারকে সুপারিশ করবে। সরকারি সিকিউরিটিজ, করপোরেট বন্ড, সুকুক, গ্রিন বন্ড এবং অন্যান্য ঋণপত্র ইস্যুর সম্ভাব্যতা, ব্যয়, ঝুঁকি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মতামত দেবে কমিটি।

এ ছাড়া বন্ড ইস্যুর পরিমাণ, মুদ্রা, মেয়াদ, সুদের কাঠামো, বাজার নির্বাচন, অফারিং সার্কুলার, ক্রেডিট রেটিং, রোডশো, বিনিয়োগকারী সম্পৃক্তকরণসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে তাদের। বন্ড ইস্যুর জন্য লিড ম্যানেজার, আর্থিক ও আইনগত উপদেষ্টা, রেটিং এজেন্সি এবং অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী আকর্ষণের ওপর। এ জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, পেনশন তহবিল, বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড, প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সুপারিশ করবে কমিটি। 

আরও পড়ুন

×