ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঢাকায় শুরু হলো পোশাক খাতের কাঁচামাল প্রদর্শনী

ঢাকায় শুরু হলো  পোশাক খাতের  কাঁচামাল প্রদর্শনী
×

গতকাল বৃহস্পতিবার আইসিসিবিতে বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রদর্শনীর উদ্বােধন করেন বিকেএমইএ সভাপতি মােহাম্মদ হাতেম ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:০২

| প্রিন্ট সংস্করণ

রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ শো ২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬’। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের  উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত-সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সরাসরি সংগ্রহের সুযোগ পাবেন।

প্রদর্শনীতে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক খাতের জন্য তাদের সর্বশেষ পণ্যের সংগ্রহ তুলে ধরবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। 

প্রদর্শনীর মূল লক্ষ্য তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক্স প্রসেসরদের নিজ দেশেই বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা। 
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক্স সোর্সিং অত্যন্ত জরুরি।  
প্রদর্শনীতে ওভেন ও নিট পোশাকের রকমারি সুতা, ব্লেন্ডেড সুতা এবং বস্ত্র তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে উল ও স্যুট, প্রিন্টেড এবং স্পোর্টস ও হোম ফ্রেব্রিক্স। পাশাপাশি পোশাকের নানাবিধ অ্যাক্সেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও প্রদর্শিত হবে। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

×