লেনদেন সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে কম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:৪৫
| প্রিন্ট সংস্করণ
টানা ছয় দিন পতনের পর গতকাল বৃহস্পতিবার তুলনামূলক বেশিসংখ্যক শেয়ারের দর বেড়েছে। ১২১ কোম্পানির শেয়ারের দর বাড়ার বিপরীতে ১৭১টির দর বেড়েছে। এতে মূল্য সূচকও খানিকটা বেড়েছে। তবে শেয়ারদর ওঠানামায় অস্থিরতা কমেনি। সাধারণ বিনিয়োগকারীদের অনেকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বুঝতে না পেরে শেয়ার কেনাবেচায় বিরত থাকছেন। এতে লেনদেন উল্লেখযোগ্য হারে কমেছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৬৭২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এ লেনদেন শেষ হওয়া সপ্তাহ তো বটেই, গত ৭ এপ্রিল বা সর্বশেষ সাড়ে চার মাসের সর্বনিম্ন।
অথচ গত ১২ জুলাই এ বাজারে প্রায় এক হাজার ৬৭০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল, যা ছিল ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। আবার গত জুন ও জুলাই মাসে প্রতিদিন টানা হাজার কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল, যার নজির ২০২২ সালের অক্টোবরের পর ছিল না।
এ ছাড়া গতকাল প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫৭৮৬ পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেনের মাঝে বুধবারের তুলনায় না কমলেও বারবার ওঠানামা করেছে। বেলা ১১টায় সর্বোচ্চ ৩৬ পয়েন্ট বেড়ে ৫৮০৬ পয়েন্ট ছাড়ায়। তবে এর এক ঘণ্টা পর ওই অবস্থান থেকে ৩০ পয়েন্ট কমে ৫৭৭৫ পয়েন্টে নামে। এমন ওঠানামা কয়েকবার হয়েছে।
টানা ছয় দিনে তালিকাভুক্ত ৫৬ কোম্পানির শেয়ারের দর বাড়ার বিপরীতে ২৭৮টির দর কমেছিল, দর অপরিবর্তিত ছিল ২৬টির। এ ছাড়া ৩৫ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছিল ৩২টি।
গতকাল তুলনামূলক বেশিসংখ্যক শেয়ারের দর বাড়লেও ব্যাংক, বীমা, তথ্যপ্রযুক্তি, কাগজ ও সেবা খাতের অধিকাংশ শেয়ারদর বেড়েছে। বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের বেশির ভাগ শেয়ারদর কমেছে। অন্য সব খাতে মিশ্রধারা ছিল।
- বিষয় :
- শেয়ারবাজার