ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ চালু
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৮:৩২
শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিসংলাপ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জ্বালানি ও লজিস্টিকস খাতের উন্নয়নে নতুন একটি আন্তবিষয়ক প্ল্যাটফর্ম চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ (সিইএল) নামে কেন্দ্রটি কাজ করবে জ্বালানি, লজিস্টিকস এবং এ দুই খাতের পারস্পরিক সম্পর্ক নিয়ে।
কেন্দ্রটির প্রকাশিত ব্রোশিউর (পরিচিতিপত্র) অনুযায়ী, সিইএলের কার্যক্রমের প্রধান তিনটি ক্ষেত্র হলো লজিস্টিকস, এনার্জি এবং এ দুই খাতের সংযোগস্থল। ব্র্যাক, একটি বৈশ্বিক উন্নয়ন সংস্থা, এবং ব্র্যাক ইউনিভার্সিটির সক্ষমতাকে কাজে লাগিয়ে কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী প্রতিষ্ঠান ও স্কুলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ব্রোশিউরে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি রূপান্তর, জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন এবং পরিবর্তিত বাণিজ্যব্যবস্থার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সিইএল। বাংলাদেশের দ্রুত শিল্পায়ন, নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে জ্বালানি ও লজিস্টিকস খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়েও গুরুত্ব দিয়ে কাজ করবে কেন্দ্রটি।
সিইএলের লক্ষ্য হলো গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য জ্বালানি ও লজিস্টিকস বিষয়ে একটি উৎকর্ষকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। জ্বালানি ও লজিস্টিকস ব্যবস্থার বিষয়ে জ্ঞান সৃষ্টি এবং তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাকে কেন্দ্রটির অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি বাজার, জ্বালানি অর্থায়ন, জ্বালানি দক্ষতা, জলবায়ু নীতি ও আঞ্চলিক জ্বালানি ব্যবস্থা নিয়ে কাজ করবে সিইএল।
একই সঙ্গে জ্বালানি ও লজিস্টিকস খাতের পারস্পরিক সম্পর্কের বিষয়গুলোও গবেষণার আওতায় থাকবে। এর মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, পরিবেশবান্ধব বন্দর, বিকল্প জ্বালানি, ব্যাটারি ভ্যালু চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, জলবায়ু-সহনশীল অবকাঠামো এবং সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা।
একাধিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরামর্শক পরিষদের নির্দেশনায় সিইএল একাডেমিক প্রোগ্রাম, নির্বাহী শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়মূলক আয়োজন, আন্তবিষয়ক গবেষণা এবং পরামর্শসেবা দেবে।
সেন্টারটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন সুলতান হাফিজ রহমান। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সিইএলে একাডেমিয়া, সরকার, শিল্প, প্রকৌশল, অর্থনীতি, জ্বালানি ও পরিবহন খাতের একদল ফেলো ও বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। এরই মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার আয়োজনও শুরু করেছে কেন্দ্রটি।
- বিষয় :
- ব্র্যাক ইউনিভার্সিটি