ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতা

বেলকুচিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতা
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০০

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে যমুনা নদীর তীরে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতা ৬ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে ১৮টি পানসি ও ১৬টি কোষা নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রায় ৩ হাজার বাইছাল মাঝি অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকা বাইচকে ঘিরে বেলকুচির যমুনার তীরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মানুষ নদীর তীরে সমবেত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

আয়োজকরা জানান, নৌকা বাইচ বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গ্রামীণ জনপদের মানুষের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের আয়োজনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো নৌকা বাইচ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা ব্যাংক পিএলসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল হাই সরকার বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ আয়োজনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকিং সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ঢাকা ব্যাংকের এমন উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান আয়োজকরা। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×