আগস্টে আরও কিছুটা কমেছে মূল্যস্ফীতি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও কমেছে মূল্যস্ফীতি। আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৮ দশমিক ২৬ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিবিএসের প্রতিবেদন বলছে, এ নিয়ে টানা দুই মাস মূল্যস্ফীতি কমলো। দুই মাসের এই মূল্যস্ফীতি তার আগের কয়েক মাসের প্রবণতার কিছুটা বিপরীত। বর্তমান সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার প্রথম মাস মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ৭১ শতাংশ। পরের
মাস এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। সে ধারাবাহিকতায় মে মাসের মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ হয়। জুনে যা দাঁড়ায় ৯ দশমিক ১৬ শতাংশে। এর পর নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমে আসে।
বাজেটে চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাজেট বক্তৃতায় বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি ও ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে মূল্যস্ফীতি।
বিবিএসের হিসাবে, আগস্ট মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক শূন্য ২ শতাংশ। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাই মাসে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
এদিকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এ বছরের আগস্ট পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ ভাগ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গত বছরের আগস্ট মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।
বিবিএসের হিসাব বলছে, আগস্ট মাসে গ্রাম এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের আগস্ট মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। গ্রামে আগস্ট মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শুন্য ১ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গ্রামেও বেড়েছে। আগস্ট মাসে যা ৯ দশমিক ৫৯ শতাংশ। জুলাই মাসে এটি ছিল ৯ দশমিক ৫৩ শতাংশ। গত বছরের আগস্ট মাসে গ্রামে খাদ্যবহির্ভূতপণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।
শহরাঞ্চলে আগস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। গত বছরের একই মাসে ছিল একই ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আগস্টে ৭ দশমিক শূন্য ৪ শতাংশে নেমেছে। জুলাই মাসে যা ছিল ৭ দশমিক ২১ শতাংশ। তবে শহরেও খাদ্যবহির্ভূতপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ, জুলাই মাসে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
- বিষয় :
- মূল্যস্ফীতি