ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০০

| প্রিন্ট সংস্করণ

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম সাত দিনে মারা গেছে ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৪৩ জন রয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৮১, রংপুরে ৩৬, রাজশাহীতে ৯৯ এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ হাজার ৭০৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজারের বেশি রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। এর মধ্যে ২০২৩ সালে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। একই বছর ডেঙ্গুতে মৃত্যুও ছিল সর্বাধিক ১ হাজার ৭০৫ জন। গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ। 
চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। মাত্র সাত দিনে ২৪ জনের মৃত্যু এবং প্রতিদিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় এডিস মশাবাহিত রোগটি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন

×