প্রক্রিয়াজাত খাদ্যের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার জরুরি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
দেশের কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি বলে মনে করছে এ খাতের সংগঠন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। গতকাল মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে অবস্থিত বাপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহবুব আনাম।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তিবিষয়ক তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী আগামী বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত।
বাপা সভাপতি বলেন, এই প্রদর্শনী উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাপা দেশ-বিদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। এই মেলার মাধ্যমে এ খাতে দেশের সক্ষমতা ও সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।
মেলা আয়োজক কমিটির ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তা শিল্পপ্রতিষ্ঠানকে দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ থেকে প্যাকেজিং, গুদামজাতকরণ ও লজিস্টিকস পর্যন্ত দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কার্যক্রম গড়ে তুলতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, মেলায় নতুন উদ্যোক্তা ও ছোট-বড় ব্যবসায়ীরা আসবেন। এতে একে-অপরের সহায়তা নিতে পারবেন। এ খাতের সম্ভাবনা ও সীমাবদ্ধতা সম্পর্কেও ধারণা পাবেন। মেলায় ১৫৬ বিদেশি বিনিয়োগকারী আসছেন। তাদের কাছ থেকেও নতুন উদ্যোক্তারা সহায়তা পাবেন।
বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, মেলায় এগ্রো প্রসেসিং, ফাইন্যান্সিং, নবায়নযোগ্য জ্বালানি, সিইও সেশন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য নিয়ে সেমিনার ও সেশন থাকবে।
আয়োজকরা জানান, মেলায় ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নেবে। থাকছেন দেড় শতাধিক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে।
- বিষয় :
- প্রযুক্তি