ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বেচাকেনা

রাত ১০টা পর্যন্ত দােকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

রাত ১০টা পর্যন্ত দােকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:০৬

দুর্গাপূজা উপলক্ষে বেচাকেনার জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা। এ দাবি জানিয়ে গত বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল রোববার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে সমিতি।

চিঠিতে সমিতি বলেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে সারাদেশের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালে তারা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে কেনাবেচা নেই বললেই চলে। এ কারণে ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এতে আরও বলা হয়, ঈদ ও দুর্গাপূজার সময় বেচাকেনা কিছুটা ভালো হয়। তাই দোকানপাট খোলা রাখার সময় বাড়ালে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। ইতোমধ্যে লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে আজ সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার দাবি জোনান তারা।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে। এ কারণে গত এপ্রিলে দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় সরকার। তবে ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চাইলে সরকার দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করে। কোরবানির ঈদের আগে সময়সীমা শিথিল করা হয়।

সর্বশেষ গত ১২ আগস্ট সরকার আবার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। তখন বলা হয়, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

আরও পড়ুন

×