ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ব্যাংক খাতে সিএসআর ব্যয় কমেছে

ব্যাংক খাতে সিএসআর ব্যয় কমেছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয় অনেক কমে গেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকগুলো সিএসআর খাতে মোট ১১৯ কোটি চার লাখ টাকা ব্যয় করেছে। গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে তার আগের ছয় মাসের তুলনায় ব্যয় কমেছে ৭৮ কোটি ৮১ লাখ টাকা বা ৩৯ দশমিক ৮৩ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, আগে অনেক ব্যাংক প্রকৃত মুনাফা না করেও কৃত্রিমভাবে মুনাফা দেখাত। ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংক খাতে স্বচ্ছতা ফেরাতে নীতিমালা কঠোর করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে অনেক ব্যাংকের মুনাফা কমে যায়। আবার কিছু ব্যাংক লোকসানেও পড়ে। এর পরিপ্রেক্ষিতে সিএসআর খাতে ব্যয়ও কমে গেছে। বিদ্যমান নিয়ম অনুসারে, কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে ব্যয় করতে পারে না। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারি-জুন সময়ে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ের বড় অংশ গেছে স্বাস্থ্য খাতে। এ খাতে ব্যয় হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ২৯ দশমিক ১১ শতাংশ। ২৪ কোটি ১৩ লাখ টাকা বা ২০ দশমিক ২৭ শতাংশ ব্যয় হয়েছে শিক্ষা খাতে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন ও অভিযোজন খাতে ব্যয়ের পরিমাণ ১১ কোটি ৭২ লাখ টাকা। এটি মোট সিএসআর ব্যয়ের ৯ দশমিক ৮৪ শতাংশ। এ ছাড়া অন্যান্য খাতে ব্যয় হয়েছে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৪০ দশমিক ৭৭ শতাংশ।
চলতি বছরের প্রথম ছয় মাসে সিএসআর খাতে সর্বোচ্চ ব্যয় করেছে ঢাকা ব্যাংক। ১২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করেছে ব্যাংকটি। দ্বিতীয়  স্থানে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যয় করেছে ১১ কোটি ৪৫ লাখ। তৃতীয় অবস্থানে থাকা শাহ্জালাল ইসলামী ব্যাংক ১০ কোটি ৫০ লাখ  টাকা ব্যয় করেছে সিএসআর খাতে। এর পরের অবস্থানে থাকা  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আট কোটি ৯২ লাখ এবং পূবালী ব্যাংক আট কোটি ৬৭ লাখ টাকা ব্যয় করেছে। ১৯টি ব্যাংক সিএসআর খাতে কোনো ব্যয় করেনি। 

আরও পড়ুন

×