দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে কার্যকর উদ্যোগ দরকার
বাংলাদেশ-জাপান ইপিএ নিয়ে অভিমত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে। ইপিএর সুফল পেতে হলে এর আওতায় থাকা বিভিন্ন সুযোগ কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নিতে হবে দুই দেশের ব্যবসায়ীদের।
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন। গত রোববার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। চেম্বারের বিদায়ী সভাপতি তারেক রফি ভূঁইয়া সভাপতিত্ব করেন।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যে পথপরিক্রমায় রয়েছে, সেখানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাক্ষরিত ইপিএ এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হতে পারে। এই সুবিধা কাজে লাগাতে দু্ই দেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যবসা ও বিনিয়োগ উন্নয়নে অপ্রয়োজনীয় নীতিগত জটিলতা ও আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য দূর করার পাশাপাশি ব্যবসায় স্বচ্ছতা ও টেকসই সম্পর্ক গড়ার পরামর্শ দেন তিনি। দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
জেবিসিসিআইর বিদায়ী সভাপতি তারেক রফি ভূঁইয়া বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই জেবিসিসিআই দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সেতু হিসেবে কাজ করছে। গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ইপিএ দ্বিপক্ষীয় সম্পর্কের এক ঐতিহাসিক মাইলফলক। তবে এর সুফল পেতে হলে কার্যকর বাস্তবায়ন, সময়োপযোগী উদ্যোগ এবং ব্যবসায়িক প্রস্তুতি সবচেয়ে জরুরি। তিনি পূর্বাভাসযোগ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদে সংগঠনের নতুন পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কাজুয়িকি কাতাওকা সভাপতি ও রবিউল আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি বলেন, চেম্বারের সদস্য কোম্পানিগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইপিএর আওতায় ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ, বৈঠক ও জ্ঞান ও অভিজ্ঞতা বিনিয়োগের বিষয়গুলোকে জোরদার করা হবে।
বিদায়ী মহাসচিব মারিয়া হাওলাদার ইপিএর সুবিধা কাজে লাগাতে প্রয়োজনীয় প্রস্তুতি, বিনিয়োগকারীদের সমস্যা সমাধান, খাতভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
- বিষয় :
- বাংলাদেশ