রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি
ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। এ ছাড়াও হামলার ঘটনা তদন্তে আগামী তিন দিনের ভেতর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার দিবাগত রাতে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচি শেষে আলোচনায় বসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাত দেড়টার দিকে এসব সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
উপাচার্য বলেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন উপস্থাপন করা হবে। এরপরে সিন্ডিকেট সভার মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটার ওপর আস্থা রাখুন।’
এর আগে হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা মামলায় আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা। একপর্যায়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন সাংবাদিকদের প্রতিনিধিরা।
আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে হামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে সিন্ডিকেটে প্রয়োজনীয় কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে তাঁদের স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন আরও জানায়, এ ছাড়া অভিযুক্তদের মধ্যে যাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নেই, তাদের সনদ বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার অঙ্গীকার করেছে প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের দোষী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলার এজাহার করা হবে।
প্রশাসনের সিদ্ধান্তের পরে আন্দোলনরত শিক্ষার্থী শাহ পরান জানান, আমাদের দাবির একটি অংশ মেনে নিয়েছে প্রশাসন। একই সঙ্গে বাকি দাবিগুলো মেনে নেওয়ার রোডম্যাপ তারা দিয়েছে। প্রশাসন ঠিকভাবে কাজ করলে আমরা সহযোগিতা করব। তবে তাদের কোনো গাফিলতি পেলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
প্রশাসনের সব কর্মসূচি বয়কট
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন প্রশাসনের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে।
সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ বয়কট কর্মসূচি চলবে। একই সঙ্গে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির বলেন, আমাদের দাবির বিষয়ে প্রশাসন কিছু সিদ্ধান্ত জানিয়েছে। তবে আমাদের বেশ কিছু দাবি মেনে নিতে প্রশাসন সময় চেয়েছে। আমরা তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত প্রশাসনের কোনো সংবাদ কভার করব না।
এর আগে গত রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ছাত্রদল