ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ধর্ষণে অভিযুক্তকে আটক ইট নিক্ষেপ, ওসি আহত

ধর্ষণে অভিযুক্তকে আটক  ইট নিক্ষেপ, ওসি আহত
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:০১

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে আটক করে গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

গত রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়ার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগরের ওই আবাসিক এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী জাকির হোসেন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান নেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষার জন্য ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে। কিন্তু উত্তেজিত জনতা জাকিরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ সময় ফতুল্লা থানার ওসি মাইকে বক্তব্য রেখে এলাকাবাসীকে শান্ত করে জাকির হোসেনকে পুলিশ গাড়িতে তোলেন। এ সময় উত্তেজিত জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়। এতে একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। পরে তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে সেখানে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইট আমার মাথায় এসে লাগায় আমি কিছুটা আহত হয়েছি। তবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়নি। তিনি বলেন, ধর্ষণের 
অভিযোগে জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×