ব্র্যান্ড-ক্রেতা আকর্ষণে ঢাকায় প্রদর্শনী করছে ইপিবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:১৬
রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈশ্বিক ক্রেতাদের সরাসরি সংযোগ করে দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় তিন দিনের প্রদর্শনীর আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুারো-ইপিবি। ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা’ নামের প্রদর্শনী আগামী ১৫ নভেম্বর রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে।
গতকাল রোববার এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে তুলে ধরতে গত বছর গ্লোবাল সোর্সিং প্রদর্শনীর প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় সংস্করণে পরিধি বাড়িয়ে প্লাস্টিক, হিমায়িত খাদ্য, মৎস্য, পাট, আসবাবপত্র ও ওষুধসহ মোট ১২টি সম্ভাবনাময় খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ২০০টিরও বেশি স্টল থাকবে।
প্রদর্শনীর উদ্দশ্য দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অনুসন্ধান এবং রপ্তানি আদেশ নিশ্চিত করা। আয়োজনের মধ্যে সেমিনার, বিজনেস-টু-বিজনেস (বিটিবি) বৈঠক, কারখানা পরিদর্শনের সুযোগ এবং অনলাইন ম্যাচমেকিং পোর্টালের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার সংযোগের সুযোগ থাকবে। ক্রেতাদের আকৃষ্ট করতে ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জানা গেছে, দেশীয় উৎপাদক, রপ্তানিকারক, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে আয়োজনে। বিদেশি ক্রেতা, বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক ক্রেতা সমিতির অংশগ্রহণ সহজ করতে নিবন্ধিত অতিথিদের জন্য হোটেল ভাড়ায় মূল্যছাড় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
- বিষয় :
- ইপিবি