ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঠাও কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে চালু হলো ডিজিটাল পেমেন্ট

পাঠাও কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে চালু হলো ডিজিটাল পেমেন্ট
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:১০

ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ (ডিপিওডি)। নতুন এ সুবিধার মাধ্যমে গ্রাহকরা পার্সেল ডেলিভারির সময় ব্যাংক কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। ফলে ডেলিভারির সময় নগদ টাকা প্রস্তুত রাখা, ভাঙতি জোগাড় করা কিংবা পেমেন্টের জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হবে না।

এই সুবিধার আওতায় কোনো পার্সেল ‘আউট ফর ডেলিভারি’ স্ট্যাটাসে গেলে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি পেমেন্ট লিংক পাঠানো হবে। ওই লিংকে প্রবেশ করে ‘পে নাউ’ অপশনে ট্যাপ করে ব্যাংক কার্ড অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। পার্সেল হাতে পাওয়ার আগে বা ডেলিভারির সময় নিরাপদে ও দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

পাঠাও জানিয়েছে, কুরিয়ার ডেলিভারিতে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা, নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এত দিন ডেলিভারির সময় গ্রাহকদের নগদ টাকা প্রস্তুত রাখা বা ভাঙতি মেলানোর যে ঝামেলা পোহাতে হতো, নতুন সুবিধার ফলে তা কমবে। এমনকি গ্রাহক ডেলিভারির স্থানে উপস্থিত না থাকলেও ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। এতে ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুত ও গ্রাহকবান্ধব হবে।

এ উদ্যোগ পাঠাও কুরিয়ারের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও নতুন সুযোগ তৈরি করবে। ডেলিভারির সময় একাধিক পেমেন্টের বিকল্প থাকায় মার্চেন্টদের গ্রাহকরা কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত ঝামেলামুক্ত অভিজ্ঞতা পাবেন। এটি গ্রাহকদের আস্থা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির মতে, নতুন এ সুবিধা কুরিয়ার খাতে প্রচলিত নগদ অর্থনির্ভরতা কমিয়ে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের নতুন সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে।

এ ফিচার প্রসঙ্গে পাঠাওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি ডেলিভারিতে ডিজিটাল পেমেন্টকে নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা পাঠাও কুরিয়ারের অন্যতম লক্ষ্য। পার্সেল গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের পেমেন্টের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি এ উদ্যোগ মার্চেন্টদের উন্নত গ্রাহকসেবা প্রদানের প্রচেষ্টাকেও আরও এক ধাপ এগিয়ে নেবে। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×