সময়সীমা পেছানোর বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত আজ
বাংলাদেশের এলডিসি উত্তরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৯:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ | ১০:৫৯
| প্রিন্ট সংস্করণ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর আবেদনের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টায় বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ পেছানোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা।
জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি) এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ও সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটির (দ্বিতীয় কমিটি) সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রস্তাব আনা হয়েছে।
সরকার গত ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আবেদন জানায়। পরে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এক চিঠিতে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত জুনে সিডিপি বাংলাদেশের আবেদনকে সমর্থন জানালেও প্রস্তুতিকাল কত দিনের জন্য বাড়ানো উচিত, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করেনি।
এর পর গত জুলাইয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বাংলাদেশের আবেদনটি বিবেচনার জন্য সাধারণ পরিষদের কাছে পাঠিয়েছে। তবে তারা নির্দিষ্টভাবে তিন বছর সময় বাড়ানোর সুপারিশ করেনি। এর পর সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটি (দ্বিতীয় কমিটি) ৭ অক্টোবর বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধের বিষয়টি আলোচনার জন্য এজেন্ডাভুক্ত করে।
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসির তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের তিনটি সূচকেই উত্তীর্ণ হয়। এর ভিত্তিতে ২০২১ সালেই চূড়ান্তভাবে সুপারিশ করা হয়– ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। তবে করোনা মহামারির অভিঘাত মোকাবিলা এবং প্রয়োজনীয় প্রস্তুতির জন্য দুই বছর সময় বাড়ানো হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সর্বশেষ নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের নভেম্বর।
- বিষয় :
- এলডিসি