ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

র‍্যাপিডের গবেষণা

কর আইন পুরোপুরি মানা হলে রাজস্ব আয় বাড়ত ৭৭ শতাংশ

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ

কর আইন পুরোপুরি মানা হলে রাজস্ব আয় বাড়ত ৭৭ শতাংশ
×
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১২:২৭

| প্রিন্ট সংস্করণ

কর আইন পুরোপুরি পরিপালন করা হলে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৫৮ শতাংশের জায়গায় ১৩ দশমিক ৪৭ শতাংশ হতে পারত। নতুন কোনো কর আরোপ বা করের হার না বাড়িয়েই প্রায় ৭৭ শতাংশ বেশি রাজস্ব আদায় সম্ভব ছিল। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গতকাল শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশে অনাদায়ী কর রাজস্ব: সম্ভাবনা, ঘাটতি ও বণ্টনগত প্রভাব’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার ফল প্রকাশ করা হয়। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য ব্যবহার করে ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় গবেষণাটি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। 

র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, বিদ্যমান করব্যবস্থার মধ্যেই বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে। ২০২১-২২ অর্থবছরে শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটে সম্ভাব্য অনাদায়ী রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। ওই অর্থবছরে প্রায় ৩ লাখ কোটি টাকা কর রাজস্ব আদায় হয়েছিল। বিদ্যমান কর আইন পুরোপুরি পরিপালিত হলে আরও প্রায় ২ লাখ ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের সুযোগ ছিল। 

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ
র‍্যাপিডের গবেষণায় দেখা গেছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই পরিবারগুলোর। অন্যদিকে, নিম্নতম ৭০ শতাংশ পরিবারে কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। তাই আয়করভিত্তি সম্প্রসারণে উচ্চ আয়ের পরিবারগুলোর দিকে বিশেষ নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে ভ্যাটের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসেবে চলে যায়। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের অনুপাতে ধনীদের তুলনায় দরিদ্র পরিবারের ভ্যাটের বোঝা সাতগুণের বেশি।

গবেষণায় বলা হয়েছে, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও তার পুরোটা সরকারি কোষাগারে জমা হয় না। ব্যবসাপ্রতিষ্ঠানের অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হচ্ছে। তাই করহার বাড়ানোর পরিবর্তে ভ্যাট আদায়ের দক্ষতা ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১ শতাংশ পরিবারের হাতে ৪৭ শতাংশ সম্পদ
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আয়ের তুলনায় সম্পদের বণ্টনে বৈষম্য আরও প্রকট। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ। শহরাঞ্চলে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে সেখানকার প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি। 

গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে করের আওতায় আনা, ভ্যাট আদায়ে দক্ষতা বাড়ানো, উত্তরাধিকার কর প্রবর্তন, করপোরেট করছাড় পুনর্মূল্যায়ন, করদাতাদের হয়রানি বন্ধ এবং কর প্রশাসনের আধুনিকায়নের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এনবিআর ভাগের অধ্যাদেশে ত্রুটি ছিল
অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশে কিছু ত্রুটি ছিল। সেগুলো সংশোধন করে নতুন বিল সংসদে উত্থাপনের জন্য প্রায় প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক হবে। এতে জাতীয় অগ্রাধিকার অনুযায়ী রাজস্ব নীতি প্রণয়ন সহজ হবে।

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গঠিত কমিটি আগামী মাস থেকে জমির প্রকৃত বাজারদর যাচাই করে মৌজা রেট নির্ধারণ করবে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ কমিটিতে ইউএনও ও এনবিআরের প্রতিনিধিরা থাকবেন। প্রকৃত বাজারদরের ভিত্তিতে মৌজা রেট নির্ধারণ করা গেলে জমি নিবন্ধন করের হার কমানো সম্ভব হবে। এতে জমি নিবন্ধনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি ভূমি ও আবাসন খাত থেকে ন্যায্য রাজস্ব আদায় করা যাবে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, সংস্কার কমিটি এনবিআরকে দুই ভাগ করাসহ বেশ কিছু সুপারিশ করলেও আলোচনা এখন মূলত দুই বিভাগ গঠনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অন্যান্য সংস্কারের বিষয়গুলো আলোচনায় আসছে না।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, বাংলাদেশে গড় আমদানি শুল্ক অত্যন্ত বেশি। ন্যায্যতার ভিত্তিতে রাজস্ব আয় বাড়ানো গেলে এত বেশি শুল্কের প্রয়োজন হতো না। এতে দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হতে পারত।

অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা এবং র‍্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ বক্তব্য দেন।

আরও পড়ুন

×