ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজিএমইএর জরিপ

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা

৩ হাজার কোটি টাকার বেশি রপ্তানি আদেশ হাতছাড়া

১৮ দিনে ৩১৭ কারখানার ক্ষতি সাড়ে ৫ হাজার কোটি টাকা
×
×

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। জালকুড়ি এলাকা থেকে তোলা- মেহেদী হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:৩৬

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানিতে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা। এ সময়ে ক্রেতারা ২৫ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটি জানিয়েছে, গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর এ জরিপ চালানো হয়। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানা জরিপে অংশ নিয়ে তথ্য দিয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোর মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার।

জরিপে বলা হয়েছে, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ বাতিল এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার ঝুঁকিতে পড়েছেন উদ্যোক্তারা। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় অনেক কারখানাকে এখন বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রস্তুতি নিতে হচ্ছে। রপ্তানি আদেশ ধরে রাখতে মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরাসরি আদেশ বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্য দেশে চলে গেছে ২৫ কোটি ৪০ লাখ ডলারের আদেশ
অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে বিজিএমইএ। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা নিশ্চিত করা আদেশের ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এ জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তখনো চলছিল। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

ভাবমূর্তি সংকট আরও প্রকট
বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির হিসাব দিয়ে এ সংকটের গভীরতা বোঝা সম্ভব নয়। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও বড় ধরনের আঘাত এসেছে। অন্য দেশে বিপুলসংখ্যক রপ্তানি আদেশ চলে যাওয়ার মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি। পোশাকশিল্পের উৎপাদন সচল রাখা এবং ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে বিজিএমইএ। 

আরও পড়ুন

×