মাসব্যাপী সম্প্রীতি উৎসবের সমাপনী ঘোষণা করলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০২:৩৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ | ০২:৫০
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডি-এর স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্প 'কারণ বাংলাদেশ আমার ওয়েবসাইট' ও 'কারণ বাংলাদেশ আমার ফেসবুক' প্ল্যাটফর্মে মাসব্যাপী আয়োজিত সম্প্রীতি উৎসব শীর্ষক অনলাইন উৎসবের সমাপনী ঘোষণা করেছে। এ উপলক্ষে গত ১৫ জানুয়ারি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মী লাকি ইনাম, হিউম্যান রাইটস অ্যান্ড গভরন্যান্স, অফিস অব ডেমোক্রেসির পরিচালক র্যানডল অলসন।
অতিথিরা অনুষ্ঠানে বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে রাজনীতিবিদ ও সক্রিয় নাগরিকদের সংযুক্ত করার প্রয়াসে আরও অনুপ্রেরণাধর্মী গল্প তৈরিতে এই উৎসবের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি কবিতা লিখন প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীর কবিতাটি আবৃত্তি করেন। অনুষ্ঠনটির সংগীত পরিবেশনায় ছিলেন গীতিকার ও সুরকার জয় শাহরিয়ার সংগীত।
বাংলাদেশের নাগরিক, বিশেষ করে তরুণদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা, সামাজিক, জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি, গণতান্ত্রিক ঐক্য ও পরমতসহিষ্ণুতার মূল্যবোধ সুসংহত করতে ২০২০ সালের ১ ডিসেম্বর সম্প্রীতি উৎসবের সূচনা হয়। এই উৎসবের আওতায় সম্প্রীতির বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, কবিতা লিখন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাদেশ থেকে এই প্রতিযোগিতায় পাঁচশ'র বেশি প্রতিযোগী সাড়া দেন।
আয়োজকরা জানিয়েছেন, 'কারণ বাংলাদেশ আমার ফেসবুক পেইজে' প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরির সেরা ১০ প্রতিযোগীকে সম্প্রীতি উৎসবের আকর্ষণীয় ক্রেস্ট, বাঁধাই করা সার্টিফিকেট ও সুভ্যেনির যথার্থ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারপ্রাপ্ত আঁকা ছবি ও আলোকচিত্র বাঁধাই করে তাদের ঠিকানায় যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল