ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘আওয়ারাপান-২’ ও ‘টক্সিক’ কি বাংলাদেশে মুক্তি পাবে

‘আওয়ারাপান-২’ ও ‘টক্সিক’ কি বাংলাদেশে মুক্তি পাবে
×

‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’ সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:০৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ২১:০৯

আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পথে ভারতীয় সিনেমা। সাফটা চুক্তির আওতায় আগামী মাসে ইমরান হাশমি ‘আওয়ারাপান-২’ ও কন্নড় সুপারস্টার ইয়াশের ‘টক্সিক’ বাংলাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতির আবেদনও করা হয়েছে বলে জানিয়েছেন দেশে চলচ্চিত্র আমদানিকারকরা।

জানা গেছে, আগামী ১৪ আগস্ট দেশটিতে মুক্তি পাবে ‘আওয়ারাপান-২’। মঙ্গলবার সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে মুক্তির আগেই ব্যাপক আলোচনায় থাকা ইয়াশ অভিনীত হাইভোল্টেজ ‘টক্সিক’ সিনেমাটিও বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। শিগগিরই এ সিনেমা প্রদর্শনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুই সিনেমাই বাংলাদেশে আমদানি ও মুক্তির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।  এর আগে একই পরিবেশনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’সহ কয়েকটি ভারতীয় সিনেমা

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, “‘আওয়ারাপান ২’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও খুব শিগগির করা হবে। আমার ইচ্ছা রয়েছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার। সব নিয়ম মেনেই আমরা সিনেমাগুলো আমদানির চেষ্টা করছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে মুক্তিতে কোনো বাধা দেখছি না।”

সাফটা চুক্তি অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানি করতে হয়। এ বিষয়ে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘কয়েকটি বাংলাদেশি সিনেমা আগেই ভারতে পাঠানো হয়েছে। কোন সিনেমা মুক্তি পাবে, সেটি যাচাই করে পরে জানানো হবে।’

আরও পড়ুন

×