ছয় দেশে যাবে রেনাটার থাইরয়েডের ওষুধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:৩৬
দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাতের অনুমোদন পেয়েছে। ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) মাধ্যমে পাওয়া এ অনুমোদনের ফলে আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টায় ওষুধটি বাজারজাত করা যাবে। রেনাটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণ করে এই অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতার স্বীকৃতি।
লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন, যা মূলত হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড-সম্পর্কিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অত্যন্ত সংবেদনশীল ওষুধ হওয়ায় ডোজ বা গুণগত মানে সামান্য পরিবর্তনও চিকিৎসার ফলাফলে প্রভাব ফেলতে পারে। এ কারণে ওষুধটির উৎপাদনে নির্ভুল মাত্রা ও কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেনাটা জানিয়েছে, ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে উন্নত মান নিয়ন্ত্রণব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক ফর্মুলেশনের মাধ্যমে প্রতিটি ট্যাবলেটে নির্ভুল মাত্রা নিশ্চিত করা হয়। এতে রোগীর নিরাপত্তা ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
বাংলাদেশে রেনাটা ‘থাইরক্স’ ব্র্যান্ড নামে লেভোথাইরক্সিন বাজারজাত করছে, যা থাইরয়েড চিকিৎসায় দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড। কোম্পানিটির মতে, ইউরোপের ছয় দেশে বাজারজাতের অনুমোদন তাদের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক মানের ওষুধ সরবরাহে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।