ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮ জন মারা গেলেন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৯৭৯। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫১, খুলনা বিভাগে ৪০, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৯, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৭৬ জন এবং দেশের অন্যান্য স্থানে ৬৫৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট আট হাজার ১২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩২৯ রোগীর মধ্যে ২১২ জন পুরুষ (৬৪ দশমিক ৪ শতাংশ) এবং ১১৭ জন নারী (৩৫ দশমিক ৬ শতাংশ)। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ২৬ থেকে ৩০ বছর বয়সী।
- বিষয় :
- ডেঙ্গু