ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও  সাত শিশুর মৃত্যু
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ০৯:৩২

| প্রিন্ট সংস্করণ

দেশে হাম ও হামের উপসর্গে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং ছয়জনের শরীরে উপসর্গ ছিল। একই সময়ে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু, তাদের মধ্যে ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৭৬৬ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত শিশুটি মারা যায় ঢাকায়। আর উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৭১ এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ শিশুর। তাদের মধ্যে ১৩ হাজার ৭৩৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩১ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯০০ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ২৭ শিশু। তাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৯১ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পর সিলেটে ৯৩, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৩, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, খুলনায় ২৯ এবং রংপুর বিভাগে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত আড়াই দশকে হামে এত মৃত্যু ও সংক্রমণ আগে কখনও দেখা যায়নি। ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জন হামে আক্রান্ত হয়েছিল। এর পর রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে আসে। গত বছর শনাক্ত রোগী ছিল মাত্র ১৩২ জন। সবচেয়ে উদ্বেগের বিষয়, গণটিকাদান কর্মসূচি শুরুর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিদিন প্রায় এক হাজার সংক্রমণ শনাক্ত হচ্ছে এবং মৃত্যুও থামছে না।

আরও পড়ুন

×