ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘পুরনো ধাঁচে’ মেসিকে আটকানোর কৌশল টুখেলের 

‘পুরনো ধাঁচে’ মেসিকে আটকানোর কৌশল টুখেলের 
×

রাতে নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ছবি: সিএনএন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:৫৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ২২:১৮

মিডফিল্ড কিংবা আক্রমণের সেরা তারকার ছায়াসঙ্গী হিসেবে একজন ‘বডি গার্ড’ সর্বদা লেগে থাকবেন। স্লেজিং করবেন, খোঁচা দেবেন, সুযোগ পেলে করবেন কড়া ট্যাকল। সোনালি সময়ে ইতালি এভাবেই ফুটবল খেলেছে। সাফল্যও পেয়েছে। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে জিদানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ভুলে যাওয়ার কথা নয়। পুরনো ধাঁচের ওই ‘ম্যান মার্কিং’ কৌশল মেসির বিরুদ্ধে প্রয়োগ করার কথা ভাবছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। 

যৌথভাবে টুর্নামেন্টের সর্বাধিক আট গোলদাতা মেসিকে নিয়ে পরিকল্পনার বিষয়ে টমাস টুখেল বলেন, ‘আমরা পুরনো ধাঁচের ম্যান মার্কিং পদ্ধতি প্রয়োগ করবো কিনা, চিন্তা-ভাবনা করছি। জানি না, এই কৌশল নেব কিনা। তবে বিষয়টি আমার চিন্তায়ও খেলা করে গেছে।’ 

মেসির খেলা মুখে বর্ণনার মতো করে দেখলে, তাকে আটকানো সহজ। সামনে বল পেলে তিনি ফাঁকা জায়গা খুঁজে নেবেন। বাঁ দিক দিয়ে গোলের সুযোগ তৈরি করবেন। তবে টুখেলের মতে, মেসি এর চেয়েও অনেক বেশি কিছু, ‘আমরা আশা করছি, মেসিকে আটকানোর একটা উপায় খুঁজে পাবো। কিন্তু সত্য হচ্ছে, একটা উপায় বের করলে মেসি আরেকটা উপায় বের করবে নয়তো উপায় সৃষ্টি করবে।’ 

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সবদিক থেকে বিশেষ এক ম্যাচ বলেও উল্লেখ করেছেন সাবেক পিএসজি ও চেলসির কোচ। জার্মানির এই টেকনিশিয়ান বলেন, ‘একটা দারুণ দলের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা বিশেষ কিছু। মেসি ও তার দলের বিপক্ষে খেলাও তুলনাহীন। ইংল্যান্ড-আর্জেন্টিনার লড়াই হওয়ায় ম্যাচটা অনন্য। সব দিক বিবেচনায় এটা বড় ম্যাচ।’ 

টুখেল জানিয়েছেন, তার দল ক্ষুধার্ত। তারা সেমিফাইনালে এসেছে এবং বড় স্বপ্ন দেখছে, এটা বলতে দ্বিধা নেই। তবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার পুরনো দ্বন্দ্বে ঘি ঢালতে চান না তিনি। বরং প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে দিতে চান পূর্ণ সম্মান। তার মনোযোগ ম্যাচে। বড় এই ম্যাচের চেয়ে অন্য কিছু বড় করে দেখতে চান না চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ। 

আরও পড়ুন

×