বিএসসির বহরে যুক্ত হচ্ছে আরও ৫ জাহাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১১:১৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ১২:৪১
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে আরও নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাহাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিএসসির জন্য নতুন ছয়টি জাহাজ সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে 'এমভি বাংলার জয়যাত্রা' গত বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। বাকি পাঁচটি জাহাজ বৃহস্পতিবার উদ্বোধন করা হবে। যার মধ্যে দুটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী) এবং তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার (পণ্যবাহী) জাহাজ।
জাহাজগুলো হচ্ছে- 'এমভি বাংলার সমৃদ্ধি', 'এমভি বাংলার অর্জন', 'এমটি বাংলার অগ্রযাত্রা', 'এমটি বাংলার অগ্রদূত' এবং 'এমটি বাংলার অগ্রগতি'।
বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী ওই ছয় জাহাজ সংগ্রহ করা হয়, যার ব্যয় ধরা হয় এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)। এসব জাহাজের মধ্যে তিনটি বাল্ক ক্যারিয়ার 'এমভি বাংলার জয়যাত্রা' গত বছরের ২৭ জুলাই, 'এমভি বাংলার সমৃদ্ধি' একই বছরের ১০ অক্টোবর ও 'এমভি বাংলার অর্জন' ডিসেম্বরে এবং তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার 'এমটি বাংলার অগ্রযাত্রা' চলতি বছরের ২৫ জানুয়ারি, 'এমটি বাংলার অগ্রদূত' ১ মার্চ ও 'এমটি বাংলার অগ্রগতি' ২৫ মে ডেলিভারি পাওয়া গেছে। বর্তমানে সবক'টি জাহাজই আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত থেকে আন্তর্জাতিক সমুদ্রপথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
বিএসসি সূত্র বলছে, এ ছয়টি জাহাজ কেনার পর বর্তমানে বিএসসি বহরে আটটি জাহাজ রয়েছে। আরও ছয়টি মাদার ভেসেল (বড় জাহাজ) ও চারটি কনটেইনার জাহাজ কেনার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
জাহাজগুলো সংগ্রহের ফলে বিএসসি তথা বাংলাদেশ সরকারের সামুদ্রিক পণ্য পরিবহন ক্ষমতা আনুমানিক দুই লাখ ৩৪ হাজার ডিডব্লিউটি বেড়েছে। এ ছয় জাহাজ থেকে প্রতি বছর প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা হবে বলে বিএসসি আশা করছে।
- বিষয় :
- বাংলাদেশ শিপিং করপোরেশন
