ব্যাংক হলিডে মঙ্গলবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৯:২২ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:৫৯
ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার ৩১ ডিসেম্বর লেনদেন বন্ধ থাকবে। ফলে শেয়ারবাজারেও লেনদেন হবে না। যদিও ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। হিসাব বিবরণী প্রস্তুতের সুবিধার্থে প্রতিবছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোতে ব্যাংক হলিডে পালিত হয়। যদিও বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকে।
ব্যাংক খাত-সংশ্লিষ্টরা জানান, ৩০ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুত করে। আর ৩০ জুন ষাণ্মাসিক আর্থিক হিসাব শেষ করে। বছরের এ দু'দিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ও বার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করতে অনেক রাত হয়ে যায়। অনেক সময় হিসাব অসম্পূর্ণ থেকে যায়। যে কারণে হিসাব শেষের পর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর 'ব্যাংক হলিডে' পালন করা হয়। যদিও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় এবং গুরুত্বপূর্ণ সব শাখা এ সময় খোলা রাখা হয়। ব্যাংক হলিডেতে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম হয় না।
এদিকে, অন্য কোনো লেনদেন না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কমিশনার পদে আগ্রহী কোনো প্রার্থী জামানতের টাকা জমা দিতে চাইলে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ মঙ্গলবার দিতে পারবেন বলে জানা গেছে। এর আগে গত শুক্র ও শনিবার সিটি করপোরেশন এলাকার সব ব্যাংক শাখা খোলা ছিল। যদিও সাপ্তাহিক ছুটির দিনে কেউ টাকা জমা দিতে আসেননি বলে জানা গেছে।
- বিষয় :
- ব্যাংক হলিডে
