চিঠিপত্র
নির্যাতিত জবেদা বেওয়া -সমকাল
--
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ১৩:৪২
কুরিয়ার সার্ভিসের চার্জ নির্ধারণ
সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রার মান ও অভ্যাস পরিবর্তন হয়। তেমনি আজকাল মানুষ দ্রুতগতির ডাক সার্ভিস কুরিয়ারের ওপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল। এর মাধ্যমে চিঠি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্ট, ছোট-বড় পার্সেল পাঠানো যায় দেশের নানা প্রান্তে। এ জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। কিন্তু হতাশার বিষয় হলো, এই চার্জের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। অনেক সময় ইচ্ছামতো এসব পার্সেল ও ডকুমেন্টের চার্জ নির্ধারণ করা হয়। এ অবস্থা থেকে পরিত্রাণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
হাবিব
মগবাজার, ঢাকা
অতিরিক্ত কর আদায়
ফেনী পৌরসভা এলাকায় চলমান সিএনজি অটোরিকশার ওপর পৌরসভা কর্তৃক নির্ধারিত কর বা চাঁদা আদায়ের নিয়ম থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সেখানে নির্ধারিত পৌর ট্যাক্সের কয়েকগুণ বেশি আদায় করা হচ্ছে। প্রশাসনের সামনেই হরহামেশা এমন ঘটনা ঘটছে। এর ফলে সিএনজি অটোরিকশা চালকরা অতিষ্ঠ। চালকরা অতিরিক্ত টাকা না দিলে লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিয়ে যাওয়া হয়। এমনকি ট্রাফিক পুলিশ দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়। কিছু কিছু চালক মারধরের শিকারও হচ্ছেন। এমতাবস্থায় ফেনী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আবু ওমর পারভেজ
উকিলপাড়া, ফেনী
সাংবাদিক সুরক্ষা আইন চাই
সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। কারণ তারাই সমাজের ভালোমন্দ যাবতীয় বিষয় জাতির সামনে উপস্থাপন করে থাকেন অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। দুর্নীতি, অনিয়মের সংবাদ প্রকাশ করলে হুমকি, মামলা ও হামলার ঘটনা ঘটে। এ ছাড়াও বিভিন্নভাবে নির্যাতন করা হয়, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বিগত সময়ে। মফস্বল এলাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটে। মফস্বল সাংবাদিকরা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগেন। অন্যান্য পেশাজীবীর মতো সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এজন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও প্রয়োগ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
- বিষয় :
- চিঠিপত্র
