ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

এন্ড্রু কিশোর :আমাদের ভালোবাসা

এন্ড্রু কিশোর :আমাদের ভালোবাসা
×

ফরিদুর রেজা সাগর

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ১২:০০

এন্ড্রু কিশোর সিঙ্গাপুর থেকে ফিরে এলেন গত ১৭ জুন। দুরারোগ্য ব্যাধির পুরোপুরি চিকিৎসা শেষ না হতেই এন্ড্রু কিশোর ফিরে আসবেন সে কথা আমি জানতাম। বিশেষ বিমানে করে তিনি ঢাকা এলেন। ঢাকা ফিরেই তিনি তার জন্মস্থান রাজশাহীতে চলে গেলেন। মাতৃভূমির প্রতি তার তীব্র টান। তিনি ইচ্ছা পোষণ করেন, তার সৎকার হবে রাজশাহীতে। তার প্রিয় শহরে।
মনে পড়ে গেল ক্যান্সার আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কথা। সৈয়দ হক চিকিৎসাধীন ছিলেন লন্ডনে। দীর্ঘদিন তার চিকিৎসা চলেছে। কিন্তু একসময় চিকিৎসকরা বলে দিলেন, আর আশা নেই।
সৈয়দ শামসুল হক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে আসেন। আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, 'সাগর আমার মৃত্যু যেন দেশে হয়। আর আমার কবর হবে নিজ জন্মস্থান কুড়িগ্রামে। লন্ডন থেকে আমার মৃতদেহ কুড়িগ্রাম পর্যন্ত নেওয়া অনেক হাঙ্গামা হবে। তাই দেশেই ফিরে এসেছি।'
একই রকম ব্যাপার ঘটল এন্ড্রু কিশোরের বেলায়। ডাক্তার যখন বলে দিলেন আর আশা নেই, এন্ড্রু কিশোর তখন দেশে ফিরতে একমুহূর্ত দেরি করেননি। আমি একবার ভাবলাম, এয়ারপোর্টে আমাদের নিউজের ক্যামেরা পাঠাই। এক্সক্লুসিভ নিউজ হবে। কিন্তু আমার মন সায় দিলো না। এন্ড্রুর অসুস্থ চেহারা আমরা দেখাতে চাইলাম না স্ট্ক্রিনে। এন্ড্রুর যৌবনদীপ্ত বলিষ্ঠ রূপময় চেহারা। বড় বড় আয়ত চোখ। এক মুখ দাড়ি। চোখেমুখে ঝিকিমিকি। ঢাকায় নেমেই এন্ড্রু কিশোর রাজশাহী চলে যান। অসম্ভব জীবনবাদী মানুষ ছিলেন তিনি। জীবনের রূপ-রস-গন্ধকে তিনি উপভোগ করেন সর্বস্ব দিয়ে।
এন্ড্রুর সংগীত জীবন নিয়ে অনেকে আলোচনা করেছেন। আরও আলোচনা হবে। বিশাল তার সংগীত জীবন। সিনেমার জগতে অসাধারণ এক প্লেব্যাক সিঙ্গার। তাকে প্লেব্যাকের রাজাও বলা যায়। অনেক বিখ্যাত গান তিনি গেয়েছেন। সেসব গান বাংলাদেশের হৃদয় জয় করেছে। অমরত্ব পেয়েছে তার অনেক গান।
ওগো বিদেশিনী, আমার বুকের মধ্যিখানে, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ, ভেঙেছে পিঞ্জর, হায় রে মানুষ রঙিন ফানুস, আমার গরুর গাড়িতে, পড়ে না চোখের পলক, জীবনের গল্প আছে বাকি অল্প, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, সবাই তো ভালোবাসা চায়- এসব অসাধারণ গান। মানুষের মুখে মুখে এসব গান। এন্ড্রু কিশোরের গান শোনেনি এমন বাঙালি পাওয়া যাবে না। সঙ্গীত প্রতিভা হিসেবে এন্ড্রুর মূল্যায়ন করা আমার মতো অযোগ্যের কাজ নয়। আমি শুধু তার অকৃত্রিম ভক্ত।
মনে পড়ে সৈয়দ শামসুল হকের গান লেখার আরেকটা স্মৃতি। খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক হাবিব খান, সৈয়দ হককে দিয়ে 'হায়রে মানুষ, রঙিন ফানুস' গানটা লেখালেন। তখন হাবিব ভাই লিরিক দেখে মন্তব্য করলেন, 'সৈয়দ হক ফুরায়া গেছে। এইসব ঠুস, ফুস লিখলে কি আর গান হয়?' বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এন্ড্রু কিশোরের কণ্ঠে সেই গান যখন গীত হলো, তা ইতিহাস হয়ে গেল। বাংলা চলচ্চিত্রের সেরা গানগুলোর মধ্যে 'হায়রে মানুষ রঙিন ফানুস' একটি গান।
এন্ড্রু কিশোরের সঙ্গে চ্যানেল আইয়ের অনেক আন্তরিক সম্পর্ক ছিল। মিডিয়ার অনেকে তার অতি প্রিয় ছিলেন। এন্ড্রু ছিলেন হৃদয়বান ব্যক্তি। চ্যানেল আইয়ের যে কোনো কিছুর সঙ্গে এন্ড্রু কিশোরের ছিল গভীর যোগাযোগ। একবার নেপাল থেকে ফোন করলেন তিনি। বললেন, 'সাগর ভাই কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমার তো গান রেকর্ডিং করতে ইচ্ছে করছে টেলিভিশনের জন্য।'
আমি সঙ্গে সঙ্গে সম্মতি দিলাম। এন্ড্রু কিশোর আর নাট্যশিল্পী জাহিদ হাসান মিলে কয়েকটি গান ভিডিও রেকর্ডিং করে নিয়ে এলেন। প্রচারের পর সেই গান চ্যানেল আই আর্কাইভে স্মৃতি হয়ে জমা হয়ে আছে।
মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আগে চ্যানেল আইতে এন্ড্রু কিশোর শেষ অনুষ্ঠান রেকর্ডিং করে যান। ২০১৯ সালের ঈদুল ফিতরে। আফসানা মিমির উপস্থাপনায় সেই অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের লেখা শেষ গানটি এন্ড্রু কিশোর পরিবেশন করেছিলেন। সৈয়দ হক গানটি এন্ড্রুর জন্য লিখেছিলেন। সুর করেছিলেন আলম খান। দরদ দিয়ে অসম্ভব সুন্দর সেই গানটি এন্ড্রু কিশোর কণ্ঠের জাদুতে গেয়েছিলেন- 'ফুলের গন্ধের মতো আমি থেকে যাবো তোমার রুমালে'- যেমন কথা তেমনই সুর। আর তেমনই উদাত্ত কণ্ঠে এন্ড্রু কিশোর গেয়েছিলেন। এটাই এন্ড্রুর শেষ গান। শেষ রেকর্ডিং। তারপর অসুস্থ হয়ে পড়েন। দেশে-বিদেশে তাকে চিকিৎসার জন্য ছুটতে হয়। পুরো দেশ এন্ড্রুর পাশে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সর্বক্ষণ তার খবর রেখেছেন। তাকে সহযোগিতা করেছেন।
একজীবনে অনেক স্মৃতি এন্ড্রুর সঙ্গে। খুব মনে পড়ে প্রতি বড়দিনে এন্ড্রু কিশোর হোম মেড কেক নিয়ে দেখা করতে আসতেন। তার গাড়িভর্তি থাকত কেক। ভাবি নিজ হাতে বাসায় সেই কেক তৈরি করতেন। এন্ড্রু কিশোর তার প্রিয় মানুষদের সেই কেক নিজ হাতে পৌঁছে দিতেন বড়দিনের বার্তাসহ।
এন্ড্রু কিশোরের প্রিয় মানুষের তালিকায় আমিও ছিলাম একজন ভাগ্যবান। খুব আনন্দের সঙ্গে বড়দিনে সেই কেক পেয়ে আমি শিশুর মতো খুশি হয়ে উঠতাম। কিন্তু এবার বড়দিনে কী হবে? কে আমার জন্য কেক নিয়ে আসবে? এন্ড্রু কিশোর যেখানেই আপনি থাকুন ভালো থাকুন। আপনার গান আমাদের প্রেরণা হয়ে থাকবে। বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন অনন্তকাল।
লেখক ও চলচ্চিত্র নির্মাতা; ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই

আরও পড়ুন

×