ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শ্রদ্ধাঞ্জলি

'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো'

'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো'
×

মুজিবুর রহমান দিলু (১৯৫২-২০২১)

জাঁ-নেসার ওসমান

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১২:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ | ১৫:১৩

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু, চলে গেলেন না ফেরার দেশে।

সত্তরের দশকে মঞ্চ ও টেলিভিশনে একবাক্যে যাকে সত্যিকারের অভিনেতা বলা যায়, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু তার একজন।

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু তখন হোটেল পূর্বাণীর বেভারেজ ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

হোটেল পূর্বাণীর চেয়ারম্যান জয়নাল স্যারের ভাবনা 'টোনা-টুনি'র ক্যাসেট, পরবর্তীতে সিডি, যা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর হাতে যৌবন পেল।

সে সময় এমন বাসা কমই ছিল যে, বাচ্চাদের জন্য টোনা-টুনির ক্যাসেট বাজেনি। বাড়িতে নতুন অতিথি জন্মেছে মানেই বছর না ঘুরতেই টোনা-টুনির ক্যাসেট পৌঁছেছে। এই ছিল বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জাদুকরি হাতের ছোঁয়া। প্রায় সব ক্যাসেটের নেপথ্য কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর।

দিলুর, 'আমি গাধা বলছি', 'সংশপ্তক', 'জনতার রঙ্গশালা' এমনি কত শত নাম বলব।

দিলুকে নিয়ে আমার পরিচালিত নাটক, 'এ সময়ের দিনলিপি'র কথা বেশ মনে পড়ে।

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু শুটিং স্পটে থাকা মানে, কখন যে দিন শেষ হয়েছে বোঝা যায়নি।

এমনি প্রাণবন্ত ছিল আমাদের দিলু।

সেই বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জন্মদিন নিয়ে এক এক দৈনিক সংবাদপত্রে এক এক তারিখ ছাপা হচ্ছে।

এক কাগজ ছাপল।

'বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জন্ম ১৯৫২ সালের ৬ নভেম্বর, চট্টগ্রাম।'

আর স্বল্প বৃহৎ কাগজ ছাপল বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জন্ম ১৯ জানুয়ারি ১৯৫২। মৃত্যু ১৯ জানুয়ারি ১৯৫২।

ভুল মানুষেরই হয়, ভুল মানুষেরই হবে। কিন্তু প্রশ্ন, বাংলাদেশের ডাক্তাররা যখন ভুল করে, তখন ভাঙচুর হয়।

পুলিশ যখন নামের মিলে নিরপরাধীকে বছরকা বছর জেলে পুরে রাখে, তখন পাবলিক ফ্যালফ্যাল করে চাইয়া থাকে।

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আমাদের দেশের সেরা অভিনেতাদের একজন।

অথচ তার জন্মদিন নিয়ে যদি এমনি বালখিল্য প্রকাশ পায়, তাহলে আমাদের কী হবে?

কবি শামসুর রাহমানের কবিতার পঙ্‌ক্তি অনুরণনে বলতে হয়, 'অদ্ভুত এক ভূতের পিঠে চলেছে স্বদেশ'-এর দৈনিক সংবাদপত্র।

আর উনিশ শতকের কবিতার পঙ্‌ক্তি নিয়ে বললে বলব : 'জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো।' বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর জন্মদিন যাই হোক, ওর কর্ম ছিল ভালো।

জয় বাংলা।

চলচ্চিত্র নির্মাতা

আরও পড়ুন

×