ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হৃদয়ে সাগর ভাই

হৃদয়ে সাগর ভাই
×

ফরিদুর রেজা সাগর।

শাহরিয়ার নাজিম জয়

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:১৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:১৪

চলার পথে কেউ যদি একটু মাথায় হাত বুলিয়ে দেয় তাহলে হৃদয়ের মাঝখানে সাহস এবং বিশ্বাসের জন্ম হয়। কোথাও ভুল হলে সবাই যখন বাঁকা চোখে দেখে তখন যদি কেউ ক্ষমা করে সঠিক পথটা বলে দেয়, তখন সেই মানুষটা আবার নতুন করে পথ চলতে পারে। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, তখন থমকে যাওয়ার সময়কে কেউ একজন যদি গতির সঞ্চার করে দেয়, তখন সারা জীবন দৌড়াতে পারবেন। 

কোথাও আটকে গেলেন কাউকে কিছু বলে কাজ হচ্ছে না, তখন কেউ যদি নীরবে সেই আটকে যাওয়া গর্ত থেকে উদ্ধার করে, তখন  আবার নতুন করে বাঁচতে পারবেন। আপনি অবিরত একজনকে ঠকিয়ে তার প্রতি অবিচার করছেন, সেই মানুষটি সব বুঝেও যখন আপনাকে বারবার সুযোগ দিচ্ছে, তখন একসময় না একসময় আপনি শুধরে যাবেন এবং আর কাউকে ঠকাবেন না। আপনার কোথাও যাবার জায়গা নেই, তখন এমন একটা মানুষ পেলেন যার সামনে বসে ভাবতে শুরু করতে পারবেন- এই পৃথিবীটাই আপনার। তখন কী অনুভূতি হবে আপনার? 

যখন নীরবে আপনার ঘরে আপনার বাবার জন্য কিংবা সন্তানের জন্য কেউ অমূল্য উপহার পাঠিয়ে এর কোনো প্রচার চাইবে না এবং আপনাকে আপনার পরিবারের কাছে বড় করে তুলবে, তখন আপনার কলিজাটা চওড়া হয়ে উঠবে। কি হবে না? আপনাকে কেউ সম্মান করে না অথচ সেই মানুষটি আপনাকে দেখলে একটি শ্রদ্ধার হাসি কিংবা মায়ার দৃষ্টি দেয় কিংবা দোতলা থেকে নিচতলায় নেমে আসে আপনাকে সসম্মানে গাড়িতে উঠিয়ে দেবার জন্য, তখন আপনার কাছে মনে হবে আপনি পৃথিবীর সেরা সম্মানিত একজন মানুষ। মনে হবে না? 

আপনি মেধাবী, আপনার প্রতিভা আছে, ভালো কোনো সুযোগ পাচ্ছেন না- তখন কেউ যদি আপনাকে নীরবে নিঃশব্দে প্রতিভা বিকশিত করবার সুযোগ করে দেয়, আপনার জীবন দাঁড়িয়ে যায়। যায় না? প্রচণ্ড মনখারাপের সময় যার সামনে গেলে ছোট ছোট হাসির বুদ্ধিদীপ্ত গল্পে আপনাকে কেউ যদি মাতিয়ে রাখে আপনার মনখারাপ অনেক দূরে সরে যায়। সরে না? 

শুক্রবার জুম্মার নামাজে যার সাথে নামাজ পড়লে নামাজ শেষে আপনার ছোট-বড় আবদার পূর্ণ করার জন্য কেউ একজন নীরবে নিঃশব্দে যদি কাজ করে যায় তখন তাকে ছেড়ে কোথাও আর যেতে মন চায়? কখনো কখনো আপনাকে রহস্যের বেড়াজালে ফেলে নীরবে নিঃশব্দে সেই মানুষটা যখন নিরুদ্দেশ হয়ে যায় আপনি জানতেও পারেন না সে কোথায়, তখন তার জন্য বুকের ভেতর হাহাকার তৈরি হয়। আপনাকে না দেখেও যদি সেই মানুষটি নিরুদ্দেশ থেকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য খুশির বার্তা পাঠায়, তখন হৃদয়ে এক স্ফুলিঙ্গের তৈরি হয়। ভালোবাসার। পেছন থেকে আপনাকে জিতিয়ে দিয়ে তিনি তাকিয়ে তালি দিচ্ছেন, এমন মানুষ পাশে থাকলে কোন সাফল্য না ধরা দেয়? 

আপনি অনেক ছোট বয়সে, জ্ঞানে, অবস্থানে- তারপরও আপনাকে যদি অনেক উচ্চমানের সেই মানুষটি সম্মান দিয়ে কথা বলে, আপনাকে কথা বলার এবং কাজ করার সুযোগ করে দেয়, তখন ভাববেন জীবনটা সত্যি অনেক সুন্দর। আপনার প্রতি অনেক নালিশ এবং বিচার শোনার পরও কেউ যদি আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়েই যায় তখন আপনি আর তাকে ছাড়া কিছু ভাবতে পারবেন? পাঁচ কোটি টাকার গাড়ি চলার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ আপনার মতোই একটি সাধারণ গাড়িতে চলে তখন আপনার গাড়িটাকে আপনার দামি মনে হবে না? আপনি অনেক তুচ্ছ নগণ্য তারপরও যখনই ফোন করবেন ওই বড় ব্যক্তিটি যদি আপনার ফোন ধরে ধৈর্য সহকারে আপনার কথা শোনেন তখন আপনি কি ভাববেন পৃথিবীতে আপনার জন্য কেউ আছে‌? ভাববেন না? ওই বড় মানুষটি মৃত্যুর একদম কাছাকাছি চলে গিয়েও আপনি যেন বিচলিত না হন, আপনি যেন দুঃখ না পান, আপনাকে তার রোগ-শোক-দুঃখ-বেদনা বুঝতে না দেবার জন্যে নীরবে-নিঃশব্দে সব দুঃখ-যাতনা নিজে একা বহন করেন এবং ফিরে এসে যদি আপনাকে বুঝতেই না দেন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তখন আপনার ইচ্ছে করবে না তাকে আরও ভালোবাসতে? 

আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে তার হাসিমুখে সহজে কঠিন কাজ সম্পূর্ণ করার কৌশলকে আপনি অবলীলায় নিজের জীবনে কাজে লাগিয়ে সফল হতে পারবেন। আপনার ভেতর যদি গোয়েন্দার প্রতিভা থাকে তা আরও পরিপূর্ণতা পাবে যদি আপনি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। 

এতক্ষণ ধরে যে বিশেষণগুলো দিলাম তা খুবই অল্প তার গুণের তুলনায়। আমি একজন মানুষকে পেয়েছি তাই তার গল্পটি আপনাদের জানালাম। কথা সাহিত্যিক আনিসুল হকের ভাষায়, আমাদের একজন মহাসাগর আছে। হ্যাঁ হ্যাঁ, তিনি ফরিদুর রেজা সাগর ভাই। আজ তার জন্মদিন। শিশুদের নিয়ে অসাধারণ সাহিত্য রচনা করেন। তৈরি করেন ছোট কাকুকে। আমার বড় ইচ্ছে হয় তিনি যদি কখনো তার জীবনের গল্পটা আমাদের জন্য লিখতেন! রহস্যে ঘেরা এই মানুষটিকে নিয়ে গবেষণা করে বাকি জীবন কাটিয়ে দিতাম।

লেখক: অভিনেতা ও উপস্থাপক।

আরও পড়ুন

×