খুলনা
ভয়ের নগরীকে কে দিবে ভরসা?
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:৪৭
| প্রিন্ট সংস্করণ
বিলক্ষণ সকলেই খুলনার মঙ্গল চাহেন; নিরাপত্তা লইয়া উদ্বেগ প্রকাশ করিতেছেন। প্রশ্ন হইতেছে, শুভানুধ্যায়ীর ভিড়ে একদা শান্ত নগরীটির এই দুরবস্থা কাহারা সৃষ্টি করিল? যাহাদের হস্তে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তাহাদের সম্মুখেই খুলনা ক্রমশ বসবাসের অযোগ্য হইয়া পড়িবার আশঙ্কা সৃষ্টি হইয়াছে। পরিস্থিতি এই পর্যায়ে উপনীত; জাতীয় সংসদেও জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে খুলনা নগরী রক্ষার দাবি উত্থাপিত হইয়াছে।
বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন হইতে জানা যাইতেছে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া নগর প্রশাসক, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ, পুলিশ কমিশনার, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ উদ্বেগ প্রকাশ করিয়াছেন। তাহাদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হইলে অধিবাসীগণ খুলনা ত্যাগ করিতে বাধ্য হইবেন। ব্যবসায়ীগণ ইতোমধ্যে নগরী ত্যাগ করিতে শুরু করিয়াছেন। সকলের অভিন্ন দাবি– খুলনার মানুষ নিরাপত্তা চায়; স্বাভাবিকভাবে বাঁচিতে চায়।
এহেন উদ্বেগ আরও পূর্বে প্রকাশ পাইলে উত্তম হইত। পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে। আর গত সাড়ে ১০ মাসে হত্যার শিকার হইয়াছেন ৭৭ জন। তন্মধ্যে ২৫ জনকে প্রকাশ্যে গুলি করিয়া হত্যা করা হইয়াছে। সুন্দরবনের প্রবেশদ্বাররূপে পরিচিত এই বন্দরনগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কতখানি নাজুক, উহার দৃষ্টান্ত হইল– প্রধানমন্ত্রীর সফরের দিবসেও সেইখানে জোড়া খুনের ঘটনা ঘটিয়াছে।
যেই কোনো নগরীর প্রাণশক্তি কেবল সড়ক, অবকাঠামো কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডে নহে; নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিতেও নিহিত। নগরবাসী যখন ব্যবসা প্রতিষ্ঠান খুলিতে ত্রস্ত; চাঁদাবাজদের হুমকিতে চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হইয়া যায়; সন্ধ্যার অব্যবহিত পর স্বাভাবিক চলাচলেও আতঙ্কিত থাকিতে হয়, তখন সেই নগরীর অর্থনৈতিক ও সামাজিক জীবন বিপর্যস্ত হইতে বাধ্য। খুলনায় সেই বিপর্যয়েরই লক্ষণ ইতোমধ্যে স্পষ্ট।
স্বীকার্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যেই অভিন্ন উদ্বেগ তৈয়ার হইয়াছে, উহা ইতিবাচক। সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না লইলে জনপ্রতিনিধি হিসাবে মাঠে নামিবার প্রত্যয় ব্যক্ত করিয়াছেন। বিরোধী দলের সংসদ সদস্যও সংসদে খুলনার পরিস্থিতি তুলিয়া ধরিয়া সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নগরীর দাবি জানাইয়াছেন। নাগরিক সমাজের প্রতিনিধিগণ পুলিশ, রাজনৈতিক দল, সামাজিক নেতৃত্ব ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলিয়া ধরিতেছেন। এখন প্রয়োজন ঘোষণার প্রতিফলন।
স্মরণে রাখিতে হইবে, কোনো নগরীকে সন্ত্রাসীর দখলে ছাড়িয়া দিয়া উন্নয়ন, বিনিয়োগ কিংবা কর্মসংস্থানের কথা বাতুলতা মাত্র। এই ক্ষেত্রে পুলিশের সহযোগিতা না পাইবার অভিযোগের সুরাহা করিতেই হইবে। বাহিনীটির জবাবদিহির প্রশ্নও গুরুত্বপূর্ণ। অপরাধীদের শনাক্তকরণের পরও কেন গ্রেপ্তার করা যাইতেছে না? বারংবার গ্রেপ্তার হইবার পরও অপরাধীরা কী প্রকারে জামিনপ্রাপ্ত হইয়া পুনরায় চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ন্যায় অঘটনে সংশ্লিষ্ট হইতেছে? এই সকল প্রশ্নের উত্তর দিবে কাহারা?
দায়িত্বে অবহেলা, নিষ্ক্রিয়তা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশ থাকিলে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনয়ন আবশ্যক। খুলনার বাসিন্দাগণ যেন ভীতিহীনভাবে ব্যবসা করিতে, চিকিৎসাসেবা লইতে, পরিবার লইয়া চলাচল করিতে পারেন– সেই পরিবেশ ফিরাইয়া আনিতে হইবে। তজ্জন্য অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর আইনানুগ ব্যবস্থা, পুলিশের জবাবদিহি এবং রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় জরুরি। খুলনাকে প্রাণহীন নগরীতে পরিণত হইবার আশঙ্কা হইতে বাঁচাইতে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
- বিষয় :
- সম্পাদকীয়